হামলা
পাহেলগাঁও কাণ্ডে উদ্বেগ, দেশে ফিরেই দোভালদের সঙ্গে বৈঠক মোদীর
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পাহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হানার জেরে নির্ধারিত কর্মসূচি বাতিল করে সৌদি আরব সফর অসমাপ্ত রেখেই বুধবার সকালেই দেশে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছতেই নিরাপত্তা ও কূটনৈতিক মহলের তৎপরতা চোখে পড়ার মতো। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করসহ উচ্চপদস্থ আধিকারিকেরা। সেখানে একটি তাৎক্ষণিক বৈঠকে দেশের সুরক্ষা পরিস্থিতি ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
পাহেলগাঁওয়ে মঙ্গলবার জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, যাঁদের মধ্যে রয়েছেন দু’জন বিদেশি পর্যটকও। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিকল্পিতভাবে পর্যটকদের নিশানা করেই এই হামলা চালানো হয়েছে। ঘটনায় অন্তর্নিহিত নিষ্ঠুরতা ও অমানবিকতা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশ এই হামলার নিন্দা করেছে।
জানা যাচ্ছে, এই পরিস্থিতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর দপ্তর জরুরি ভিত্তিতে সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দা থেকে রওনা দেন মোদী। উল্লেখ্য, যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে এই সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, যা কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দেশজুড়ে উদ্বেগ ছড়ানো এই হামলার পর রাজনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা দিক থেকে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।
PM @narendramodi ji immediately after landing didn’t even sit on his car. He went straight to some security room in airport itself to review the situation with NSA,EAM & other officers! pic.twitter.com/DDmvg4iIxU
— Sashanka Chakraborty (@SashankGuw) April 23, 2025
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নিজে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে পারেন বলে জানা যাচ্ছে। সেখানে সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা রিপোর্ট, এবং সন্ত্রাসবিরোধী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর।
Delhi | Prime Minister Narendra Modi took a briefing meeting with EAM Dr S Jaishankar, NSA Ajit Doval, Foreign Secretary Vikram Misri and other officials in view of the #PahalgamTerroristAttack in Kashmir pic.twitter.com/F1LnHakHrU
— ANI (@ANI) April 23, 2025
এদিকে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে পৌঁছেছেন। ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের অবস্থান যে আগের থেকেও কঠোর হতে চলেছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই।
এই ঘটনার পর কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে। সর্বদল বৈঠকের দাবি উঠেছে কংগ্রেসের তরফে। রাহুল গান্ধী সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহির দাবি করেছেন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন তাকিয়ে গোটা দেশ।
