রাজ্যের খবর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই, স্ত্রীকে নোটিশ
নিউজ ডেস্ক , ২১ ফেব্রুয়ারি : কয়লা পাচার কান্ডের তদন্তে সিবিআই রবিবার যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে নোটিশ জারি করেছে। আজই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে সিবিআই। এদিন আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় সিবিআই (CBI)।
কয়লা পাচার কাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শ্যালিকাকে রবিবার দুপুরে নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য কয়লা পাচার কাণ্ডে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এই মামলাতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা। তাদের সন্দেহ, রুজিরার একাউন্টে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার হয়ে থাকতে পারে। যদিও সিবিআই দপ্তরে তলব করা হয়নি তাঁকে। শুধু তাঁর সঙ্গে এবিষয়ে কথা বলতে চান গোয়েন্দারা। তবে সিবি আই আধিকারিকদের হানাদারির সময় রুজিরা বাড়িতে ছিলেন না বলেই সূত্রের দাবি। রবিবারই যাতে রুজিরার সঙ্গে কথা বলা যায় তাই নিজেদের ফোন নম্বরও অভিষেকের বাড়িতে রেখে এসেছেন সিবিআই আধিকারিকরা। এদিকে এঘটনায় সিবিআইয়ের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ বলে দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
