কলকাতা
নির্বিবাদী শিল্পীর উপর বর্বর হামলা, মঞ্চ ছাড়ার হুমকি নাট্যকর্মীদের
ডিজিটাল ডেস্কঃ নাট্যদুনিয়ার পরিচিত নাম, ব্রাত্যজন নাট্যগোষ্ঠীর অন্যতম স্তম্ভ পৃথ্বীশ রানা বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতেই দুষ্কৃতী হামলার শিকার হন। মঞ্চজীবনে তাঁর অবদানের পাশাপাশি ব্যক্তি হিসেবে অমায়িক ও বিনয়ী এই শিল্পীর উপর এমন আক্রমণে হতবাক বাংলা থিয়েটার জগৎ।
ঘটনার সূত্রপাত পৃথ্বীশের দীর্ঘদিনের সহকর্মী পার্থসারথী রাহার ফেসবুক পোস্ট থেকে। শুক্রবার দুপুরে ওই পোস্টে পার্থসারথী জানান, নাটক নিয়ে কথোপকথনের মাঝেই পৃথ্বীশ কান্নায় ভেঙে পড়েন। শারীরিক অসুস্থতার পাশাপাশি তিনি জানান, কিছুদিন আগেই তাঁর ওপরে দুষ্কৃতী হামলা হয়েছে। গুরুতর চোট লেগেছে পিঠে, হাতে ও পায়ে। ইতিমধ্যেই হার্টের অস্ত্রোপচারে তাঁর দেহ ছিল দুর্বল। সেই অবস্থাতেই এই নৃশংস হামলা।
আরও পড়ুনঃ ইসরায়েলির হামলার আর প্রয়োজন নেই! রক্ত, জলের অভাবেই মরতে বসেছে গাজা
পার্থসারথীর ফেসবুক পোস্টে পৃথ্বীশের আহত অবস্থার ছবি প্রকাশ্যে আসতেই নাট্যজগতে নেমে আসে প্রতিবাদের ঝড়। অনেক নাট্যব্যক্তিত্ব সরাসরি এই হামলার নিন্দা করেন। অনেকেই এটিকে একটি সংগঠিত ষড়যন্ত্র বলেও সন্দেহ করছেন। তবে ঠিক কারা বা কী উদ্দেশ্যে এই হামলা চালাল, তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান পার্থসারথী রাহা। তিনি জানান, “যতদিন না পৃথ্বীশ রানার ওপর হামলার যথাযথ তদন্ত ও বিচার হচ্ছে, ততদিন আমি ব্যক্তিগতভাবে নাট্যচর্চা থেকে বিরতি নেব।” তার এই ঘোষণার সঙ্গে সুর মেলান আরও বহু নাট্যকর্মী।
নাট্যজগতের গর্ব পৃথ্বীশ রানা শুধু আলোকসজ্জার শিল্পী কিংবা নির্দেশক নন, বরং বাংলা মঞ্চজগতের অন্যতম প্রাণপুরুষ। একজন শিল্পীর ওপর এই ধরনের আক্রমণ প্রশ্ন তোলে সমাজ ও সংস্কৃতির নিরাপত্তা নিয়েও। তদন্ত এখনও শুরু হয়নি বলেই জানা গেছে। তবে নাট্যজগতের দাবি, অবিলম্বে পৃথ্বীশ রানার উপর আক্রমণের যথাযথ তদন্ত হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আলো আর অন্ধকারের ভাষা বোঝানোই ছিল তাঁর কাজ। অথচ আজ নিজেই পড়েছেন নৃশংস অন্ধকারের কবলে।
