হামলা
যুদ্ধাবস্থার আবহে আবু ধাবির শো স্থগিত, মানবিক সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের
ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে যখন যুদ্ধের সম্ভাবনায় তীব্র উদ্বেগ, ঠিক সেই সময়েই এক মানবিক সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে আপাতত বাতিল করা হলো তাঁর আবু ধাবির লাইভ কনসার্ট। গায়কের টিম বৃহস্পতিবার (৯ মে) ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, “বর্তমান সঙ্কটজনক পরিস্থিতির কথা মাথায় রেখে অত্যন্ত ভাবনা-চিন্তার পর এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট (Live Concert in Abu Dhabi)। তা আপাতত স্থগিত রাখা হয়েছে। শীঘ্রই নতুন তারিখ জানানো হবে। আমরা শ্রোতাদের ধৈর্য ও সহযোগিতার প্রশংসা করি।”
আরও পড়ুনঃ ফাইটার জেটে ঢুকে পলায়নের চেষ্টা, ভারতীয় সেনার হাতে পাক পাইলট আটক
জানা গেছে, এই কনসার্টের টিকিট ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে। টিকিটধারীরা নতুন তারিখে একই টিকিটে শো দেখতে পারবেন, অথবা চাইলে পুরো টাকা ফেরত পাবেন। ১২ মে থেকে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে আয়োজকদের তরফে।
এর আগেও, পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ এপ্রিল চেন্নাইয়ের (Chennai) একটি কনসার্ট বাতিল করেছিলেন অরিজিৎ সিং। সেই সময়েও আয়োজকদের তরফে দ্রুত টিকিটের দাম ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়, যা সরাসরি পৌঁছে যায় গ্রাহকদের অ্যাকাউন্টে।
গায়কের এই মানবিকতা ও সামাজিক সচেতনতা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখেন, “এই সময় দাঁড়িয়ে যাঁরা মানুষের আবেগ বোঝেন, তাঁরা সত্যিই বড় মনের মানুষ।” যুদ্ধের মতো সংকটময় আবহে এক শিল্পীর এই সংবেদনশীলতা ফের একবার হৃদয় জয় করল বহু মানুষের।
