দুর্ঘটনা
কলকাতায় ফের অগ্নিকাণ্ড, লেকটাউনের ফিল্ম স্টুডিওতে দাউদাউ করে জ্বলল আগুন
ডিজিটাল ডেস্কঃ কলকাতায় ফের ভয় ধরানো অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে দাউদাউ করে জ্বলে উঠল লেকটাউনের দক্ষিণদাঁড়ির একটি ফিল্ম স্টুডিও। বহুতলের দ্বিতীয় তলায় অবস্থিত ওই স্টুডিও থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে এলাকাবাসীরা খবর দেন দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং লেকটাউন থানার পুলিশ। আগুন নেভানোর কাজ চলে যুদ্ধকালীন তৎপরতায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর তিনটে নাগাদ হঠাৎ বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দেখা যাচ্ছিল। তবে এখনো পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।
আরও পড়ুনঃ বিপজ্জনক বাড়ি, বেআইনি নির্মাণ—খোদ মমতার হুঁশিয়ারি: “জীবন আগে, ভোট পরে”
দমকল সূত্রে জানা গেছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। স্টুডিওটির অগ্নিনির্বাপন ব্যবস্থা কেমন ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে।
এই ঘটনার জেরে শহরে অগ্নিনিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ ঠিক এর আগের দিনই বড়বাজারের মেছুয়ায় ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন ১৪ জন। সেই ঘটনাস্থল ঘুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় প্রশাসন ও নাগরিকদের সতর্ক করেন। বলেন, “জীবন আগে, বাঁচুন ও বাঁচতে দিন।”
মেছুয়া পরিদর্শনের পর পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসেও যান মুখ্যমন্ত্রী। সেখানকার অবৈধ রেস্তরাঁ ও বিপজ্জনক গ্যাস সিলিন্ডার মজুতের ছবি দেখে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর নির্দেশে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওই বিল্ডিংয়ের ছ’টি রেস্তরাঁ।
ক্রমাগত এই ধরনের ঘটনা কলকাতা শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিকগুলি ফের সামনে এনে দিয়েছে। প্রশাসনের তরফে এখন তৎপরতা বাড়ানো হচ্ছে, পাশাপাশি নাগরিকদের সতর্কতা বজায় রাখার বার্তাও দেওয়া হচ্ছে।
