দুর্ঘটনা
প্রতিশোধ নয়, চাই শান্তি—বিনয় নারওয়ালের জন্মদিনে স্ত্রীর আবেগঘন বার্তা
ডিজিটাল ডেস্কঃ পহলগামের জঙ্গি হানায় শহিদ নৌসেনা বিনয় নারওয়ালের আজ ২৭তম জন্মদিন। কিন্তু এই দিনে কেক কাটার বদলে কান্নার জলেই ভেসে গেল তাঁর পরিবারের মন। হরিয়ানার কারনালে শহিদের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত হয়ে এক শান্তির বার্তা দিলেন সদ্য স্বামীহারা হিমাংশী নারওয়াল—যাঁর বুক ফাটা যন্ত্রণার মধ্যেও প্রতিধ্বনিত হল সম্প্রীতি ও মানবতার ডাক।
গুরুগ্রামের গবেষক হিমাংশী চোখের জল মুছে মাইক্রোফোন হাতে তুলে নেন এক গভীর বার্তা নিয়ে। তিনি বলেন, “আমি চাই, বিনয় যেখানে থাকুক, শান্তিতে থাকুক। ওর আত্মার শান্তির জন্য দেশবাসী প্রার্থনা করুন। কিন্তু তার সঙ্গে এটাও বলব—এই ঘটনার পর যেন কেউ কোনো ধর্ম বা সম্প্রদায়কে দোষারোপ না করে। কাশ্মীরি কিংবা মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ যেন না ছড়ায়।”
আরও পড়ুনঃ ‘আবহাওয়ার বদল’ আসন্ন: সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে কড়া প্রতিক্রিয়ার পথে মোদী
বিনয়ের মায়ের পাশে দাঁড়িয়ে হিমাংশী জানিয়ে দেন, “আমরা বিচার চাই, কিন্তু প্রতিশোধ নয়—আমরা চাই শান্তি। কারণ ও এমনই একজন মানুষ ছিল, যে সবার সঙ্গে মিশে থাকত, ভালোবাসত। তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা তখনই জানানো হবে, যদি আমরা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক সহ বহু সমাজকর্মী ও সাধারণ মানুষ। রক্তদান শিবিরে অংশ নেওয়া বহু তরুণ জানান, বিনয়ের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এই শিবির তারই এক প্রতীক।
হিমাংশীর মুখে বারবার ঘুরে ফিরে এসেছে শান্তি, ভালোবাসা আর মানবতার কথা—একজন বিধ্বস্ত স্ত্রীর মুখেও এমন বার্তা যে কতটা শক্তির পরিচায়ক, তা চোখের জলে জানিয়ে দিল গোটা দেশ।
