মানিকচকে গঙ্গা নদীগর্ভে থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ, পাশাপাশি উদ্ধার একটি ট্রাক এবং অপর একটি ট্রাকের যন্ত্রাংশ
Connect with us

মালদা

মানিকচকে গঙ্গা নদীগর্ভে থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ, পাশাপাশি উদ্ধার একটি ট্রাক এবং অপর একটি ট্রাকের যন্ত্রাংশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৬ নভেম্বর : মানিকচকের গঙ্গা নদীর ঘাটে বৃহস্পতিবার সকাল থেকে আবারো তল্লাশি অভিযান শুরু করলো বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এদিন দুপুরে একটি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। নদীতে ভাসমান অবস্থায় দেহটি উদ্ধার করা হয়। পাশাপাশি এদিন নদীগর্ভে ডুবে যাওয়া একটি ট্রাকের কিছু যন্ত্রাংশ ভেসে ওঠে নদীতে। অপরদিকে বুধবার সন্ধ্যে নাগাদ অপর আরো একটি ট্রাককে নদীগর্ভ থেকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে ঘাট চত্বরে উপচে পড়া ভিড় ছিল সাধারণ মানুষদের।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা নাগাদ মানিকচক ঘাট পার্শ্ববর্তী গঙ্গা নদীতে ভেসেল দুর্ঘটনা হয়। ঝাড়খণ্ডের রাজমহল থেকে পণ্য ট্রাকবোঝাই ভেসেল আসছিল মালদা মানিকচকে। মালদহের মানিকচক ঘাটে পৌঁছানোর আগেই ভেসেলের একদিকে রেলিং ভেঙে যায়। সঙ্গে সঙ্গে একদিকে কাত হয়ে যায় ভেসেলটি। বেশিরভাগ ট্রাকেই পাথরবোঝাই ছিল। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, মানিকচকের কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। রাতভর চলে নদীতে তল্লাশি অভিযান তবে অন্ধকারের কারণে দৃশ্যমানতা কম থাকায় সেভাবে তল্লাশি অভিযান চালানো যায়নি মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান এর গতি আনা হয়। ডুবুরি তল্লাশিতে একটি ট্রাকের জলের তলায় সন্ধান পাওয়া যায় সকালবেলা। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা সকাল থেকে দীর্ঘক্ষণ চেষ্টা করেন ক্রেন দিয়ে সেটিকে জল থেকে তোলার। তবে বেশ কয়েকবার ব্যর্থ হন তারা। অবশেষে দুপুর নাগাদ ক্রেনের সাহায্যে একটি ট্রাককে জল থেকে তুলে আনেন তারা। দেখা যায় পুরো ট্রাকটি দুমড়ে-মুচড়ে রয়েছে। পরবর্তীতেও রাতভর মানিকচকের গঙ্গা নদীর ঘাটে তল্লাশি অভিযান জারি রেখেছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। বুধবার দুপুর নাগাদ অত্যাধুনিক ক্রেনের সাহায্যে নদীতে তল্লাশিতে আরো একটি ট্রাক উদ্ধার এর পাশাপাশি একটি দেহ উদ্ধার করতে সক্ষম হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাইদুল শেখ। ঝাড়খণ্ডের উদুয়া এলাকার বাসিন্দা সে।

ট্রাকে সহকারীর কাজ করতো সে। এদিন ট্রাকের কেবিনের মধ্যে থেকে উদ্ধার হয় তার দেহ। অপরদিকে বুধবার সন্ধ্যা নাগাদ নদীগর্ভ থেকে অপর একটি ট্রাককে দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর নাগাদ নদীতে ভাসমান অবস্থায় একটি দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম তারানাথ যাদব। সেই লঞ্চে সে মিস্ত্রির কাজ করতো। এদিন ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন মৃতের ছেলে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনটি ট্রাক সহ একটি ট্রাকের কিছু যন্ত্রাংশ উদ্ধার হলেও জলের তলায় রয়েছে এখনো পাঁচটি ট্রাক। বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা এখনো নদীতে তল্লাশি অভিযান জারি রেখেছে। পাশাপাশি মন্টু শেখ বলে একজন ব্যক্তি নিখোঁজ রয়েছে। তার সন্ধানে নদীতে তল্লাশি অভিযান জারি রেখেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।