দক্ষিণ দিনাজপুর
ভ্যাকসিন দেওয়া নিয়ে স্বজনপোষণের অভিযোগ ব্যবসায়ী সংগঠনের বিরুদ্ধে, বিক্ষোভ এলাকায়
নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ২৭ মে : বালুরঘাটে ব্যবসায়ীদের করোনা টিকা দেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা দেখা দিল বৃহস্পতিবার। ভ্যাকসিন না পাওয়ার ঘটনায় বিক্ষোভ এতটাই চরম আকার নেয় যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।
অবশেষে বিশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। উল্লেখ্য বুধবার থেকে বালুরঘাটের ব্যবসায়ীদের প্রথম করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। বালুরঘাট বাজারে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দুদিন ধরে এই টিকাকরণের কাজ চলে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রকৃত ব্যবসায়ীরা টিকা পাচ্ছে না। ভ্যাকসিন নিয়ে দুর্নীতি স্বজনপোষণ করা হচ্ছে। কিছু বিশেষ ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ব্যবসায়ী সংগঠনের তরফে। এঘটনায় সাধারণ ব্যবসায়ীদের ক্ষোভ চরমে ওঠে এবং তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। ফলে বন্ধ হয়ে যায় ভ্যাকসিনেশনের কাজ। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এবিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বালুরঘাট ব্যবসায়ী সমিতির সম্পাদক সম্পাদক হরে রাম সাহা।
