দিল্লি বিস্ফোরণ তদন্তে নজরে আল ফালাহ, তল্লাশিতে নেমেছে ইডি
Connect with us

দেশের খবর

দিল্লি বিস্ফোরণ তদন্তে নজরে আল ফালাহ, তল্লাশিতে নেমেছে ইডি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির ভয়াবহ বিস্ফোরণ (Explosion) ঘটনার পর থেকেই তদন্তকারীদের নজরে আসে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় (Al Falah University)। এবার সেই বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন (Financial Transactions) খতিয়ে দেখতে মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate-ED)। দিল্লির দপ্তরসহ মোট ২৫টি স্থানে একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

এদিন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকির বাড়িতেও যায় ইডির টিম। সেখানেই বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁকে জেরা (Interrogation) করা হচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে পিএমএলএ (PMLA) আইনে মামলা রুজু হয়েছে। তার পরই তৎপরতা বাড়ায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

তদন্তকারীদের আশঙ্কা, বিশ্ববিদ্যালয়ের অর্থ কোনওভাবে জঙ্গি কার্যকলাপ (Terror Activities) অথবা সন্দেহজনক অ্যাকাউন্টে গিয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসকের নামও দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে উঠে এসেছে। চিকিৎসক উমর-উন-নবি, মুজাম্মিল গনাই, শাহীন সইদ প্রমুখদের অ্যাকাউন্টে নাকি মোটা অঙ্কের লেনদেন হয়েছে—এমনটাই জানতে পেরেছে তদন্তকারী সংস্থা। বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা এই অ্যাকাউন্টগুলিতে পৌঁছেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads

শুধু ইডি নয়, দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতিদমন শাখা (Economic Offences Wing-EOW) ও অন্যান্য এজেন্সিও সমান্তরাল তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা মনে করছেন, এই অভিযানের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

উল্লেখ্য, ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে (Red Fort Blast) ১৩ জনের মৃত্যু হয়। ঘটনায় এনআইএ (NIA) তদন্ত করছে। বিস্ফোরণ তদন্তে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য যোগসূত্রই এখন নজরের কেন্দ্রবিন্দু।