হামলা
দিল্লি বিস্ফোরণ মামলায় গ্রেফতার উমরের সঙ্গী দানিশ—মসজিদেই শুরু হয়েছিল ‘জিহাদের স্বপ্ন’
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের একটি মসজিদ (Mosque) থেকে শুরু হওয়া আলাপই বদলে দিয়েছিল দানিশ বা জাশির বিলাল ওয়ানির (Danish/Jashir Bilal Wani) জীবন। দিল্লি বিস্ফোরণ-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবার এই সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে তদন্তকারীরা। এনআইএ-এর (NIA) একটি বিশেষ প্রতিনিধি দল প্রথমে শ্রীনগর (Srinagar) থেকে আটক করে দানিশকে, পরে জেরা করে উঠে আসা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।
তদন্তে জানা গিয়েছে, দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত উমরের (Umar) অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন দানিশ। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, উমরের সঙ্গে বসেই হামলার ছক কষেন তিনি। শুধু তাই নয়, নিজেকে আত্মঘাতী (Suicide Attacker) জঙ্গি হিসেবেও প্রস্তুত করেছিলেন। যদিও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
কীভাবে উমরের সঙ্গে তাঁর পরিচয়? তদন্তকারীদের কাছে দানিশ জানিয়েছেন, কাশ্মীরের একটি মসজিদেই তাঁদের প্রথম আলাপ। ধীরে ধীরে উমর তাঁর মনে ‘জিহাদের স্বপ্ন’ (Jihad) বুনে দেয়। এরপর আত্মঘাতী হামলার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে শুরু করেন তিনি।
তবে এখানেই শেষ নয়—দানিশের বুদ্ধিমত্তা দারুণভাবে নজর কেড়েছে তদন্তকারীদের। কারণ ড্রোন (Drone), রকেট (Rocket) সহ নানান মারণাস্ত্র বানাতে তিনি পটু। এমনকি দিল্লি বিস্ফোরণের ঘটনাতেও ব্যবহৃত বিস্ফোরক তৈরির দায়িত্ব ছিল তাঁরই। অস্ত্র তৈরি করে তুলে দিয়েছিলেন উমরের হাতে।
এদিকে ছেলে জঙ্গি-যোগে অভিযুক্ত হওয়ার পর মর্মান্তিক সিদ্ধান্ত নেন দানিশের বাবা। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে বসেন তিনি। বর্তমানে দানিশকে দফায় দফায় জেরা করে আরও তথ্য খুঁজছে তদন্তকারী সংস্থা।


