মালদা
দেওয়াল লিখন নিয়ে মোছা নিয়ে তরজায় বিজেপি-তৃণমূল কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা, হরিশচন্দ্রপুর, ২৪ মার্চ: প্রার্থী ঘোষণার পর নির্বাচনী প্রচার শুরু হতেই নানা ঘটনায় বিভিন্ন দলের মধ্যে সংঘাত শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে। দেওয়াল লিখন কিংবা প্রচারকে ঘিরে প্রায়শই তরজা বেধে যাচ্ছে দলগুলির মধ্যে।এবারে হরিশচন্দ্রপুরে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ আনলো কর্মী সমর্থকেরা। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায়।
বিজেপির অভিযোগ, হরিশচন্দ্রপুরের বিভিন্ন জায়গায় বিজেপি দেওয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে। সাদা চুন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দেওয়াল লিখনগুলি। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। বিজেপি যুব মোর্চার সভাপতি মনোজ দাস অভিযোগ করে বলেন, এদিন দলীয় কার্যালয়ে যাওয়ার সময় দেখা যায় যে দেওয়ালগুলিতে দলের পক্ষ থেকে প্রার্থীর সমর্থনে লেখা হয়েছে তা মুছে ফেলা হয়েছে। চুন দিয়ে পদ্মফুলের ছবি মিটিয়ে দেওয়া হয়েছে। আগেও দলের পক্ষ থেকে যে দেওয়াল লিখন করা হয়েছে সেগুলি মুছে দেওয়া হয়। এরপেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।যদিও হরিশ্চন্দ্রপুর ব্লক ১ এর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মানিক দাস অভিযোগ অস্বীকার করে জানান, এক্ষেত্রে তৃণমূলের কেউ জড়িত নয়। বরঞ্চ বিজেপি নিজের দলের লোকেরাই দেওয়াল লিখন মুছে দিয়েছে।কারণ প্রার্থী নিয়ে বিজেপির অভ্যন্তরেই শুরু হয়েছে বিক্ষোভ। ভাঙ্গচুর হচ্ছে কার্যালয়। বিজেপির লোকেরাই এই কাজ করেছে বলে দাবী করেন তিনি।
