রাজ্যের খবর
পাচারের আগে উদ্ধার প্রচুর টিয়া পাখির শাবক, গ্রেফতার ৭, আটক বাস
নিউজ ডেস্ক , ২১মার্চ : বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়ে উঠেছে পাচারকারীরা। আর এই পাচারকারীদের প্রতিহত করতে পাল্টা সক্রিয় হয়ে উঠেছে পুলিশও।
রাজ্যের বিভিন্ন জেলায় চলছে নাকা চেকিং। আর এই তদন্ত, নাকা চেকিং অভিযানে উদ্ধার হচ্ছে কোথাও গাজা, কোথাও আবার মাদক দ্রব্য। রবিবার দুর্গাপুরে এমনই এক যৌথ অভিযানে ব্যাপক সাফল্য পেল ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং দুর্গাপুর বনদপ্তর। যৌথভাবে অভিযান চালিয়ে পাচার হওয়ার আগে ৫০০ টি টিয়া পাখির শাবক উদ্ধার করেছে তারা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভিরিঙ্গি এলাকায় রবিবার একটি বেসরকারি বাস থেকে এগুলিকে উদ্ধার করা হয়। দুর্গাপুরের অতিরিক্ত বনাধিকারিক সোমনাথ চৌধুরী জানিয়েছেন, বাসের চালক ও কন্ডাক্টর সহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাসটি বিহারের ঔরাঙ্গাবাদ থেকে কলকাতা যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাসটিকে আসানসোল থেকে নজরবন্দী করে পাচারকারীদের হাতে নাতে ধরা হয়।
