খেলার খবর
অবসর নেওয়া ক্রিকেটারদের ফের দেখা যাবে এই সিরিজে
নিউজ ডেস্ক , ০১ মার্চ : ২২ গজে ফিরতে চলেছেনে শচীন, ব্রায়ান লারার মতো তারকারা। আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে কিংবদন্তি ক্রিকেট তারকাদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট। যার নাম দেওয়া হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। মূলত অবসর নেওয়া ক্রিকেটের তারকারা অংশ নেবেন এই সিরিজে।
এই সিরিজে অংশ নেবেন শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওবাগ, ব্রায়ান লারা, মুথাইয়া মুরলিথরন, কেভিন পিটারসেন অন্যান্য তারকা ক্রিকেটারেরা। এই সিরিজের উদ্যোক্তা মহারাষ্ট্রের একটি সংস্থা। পাশাপাশি সিরিজের সাথে যুক্ত রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারও। আর এই সিরিজের ব্র্যান্ড আম্বাসাডর হলেন শচীন তেন্ডুলকর। সিরিজে মোট ছটি দল অংশগ্রহণ করবে। সেগুলি হল ইন্ডিয়া লেজেন্ডস, বাংলাদেশ লেজেন্ডস, শ্রীলঙ্কা লেজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস, ইংল্যান্ড লেজেন্ডস এবং দক্ষিন আফ্রিকা লেজেন্ডস। চলতি বছর এই সিরিজে দুটি নতুন দল যোগদান করেছে বাংলাদেশ লেজেন্ডস এবং ইংল্যান্ড লেজেন্ডস। রায়পুরের নবনির্মিত শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসবে এই ক্রিকেটের আসর। ২০২০ সালে করোনার কারণে প্রথম বারের টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত রাখতে হয়েছিল। এবারে সেকারণে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে টুর্নামেন্টের দলগুলিকে। করোনার কারণে অস্ট্রেলিয়া খেলছে না এবারের টুর্ণামেন্টে সেকারণে কেভিন পিটারসেনের ইংল্যান্ড লেজেন্ডস এবং বাংলাদেশের প্রাক্তন খেলোয়ারদের নিয়ে তৈরি বাংলাদেশ লেজেন্ডস নামে দু’টি দল আত্মপ্রকাশ করেছে। এই টুর্নামেন্টকে ঘিরে এবারে উন্মাদনা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আবারো তাদের পছন্দের তারকা ক্রিকেটারদের বাইশ গজের মধ্যে খেলতে দেখা যাবে, যা নিয়ে উন্মাদনার পারদ চড়ছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে।
