খেলার খবর
করোনা আবহে কোথায় অনুষ্ঠিত হবে এবারের আইপিএল
নিউজ ডেস্ক , ০২ মার্চ : করোনা আবহে দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছিল ২০২০ আইপিএল। তবে এবছর আয়োজক সংস্থা সূত্রে জানা গিয়েছে, দেশের মাঠেই হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। তবে বর্তমান পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সমস্ত মাঠে আইপিএলের মতো বড় টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে আয়োজক সংস্থা।
প্রথম পর্বে জানা গিয়েছিল মুম্বাই এবং পুনেতে হতে পারে ধারাবাহিক লীগ পর্বের খেলাগুলি। কিন্তু পরবর্তীতে মূল পর্বের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মোতেরা স্টেডিয়ামে। তবে ফ্র্যাঞ্চাইজি গুলির সাথে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে কোথায় অনুষ্ঠিত হবে এ বছরের আইপিএলের ম্যাচগুলি।টুর্নামেন্ট শুরুর কথা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে।যদিও আয়োজক সংস্থা সূত্রে জানা গিয়েছে এবারে মুম্বাই, চেন্নাই, কলকাতা, আমদাবাদ, দিল্লি, ব্যাঙ্গালোর এর মধ্যে আইপিএলের খেলাগুলি হওয়ার কথা। তবে এখানেও দেখা দিয়েছে বিস্তর সমস্যা। মুম্বাইয়ে নতুন ঢেউ উঠেছে করোনার, সে কারণে মুম্বাইয়ে সমর্থকদের জন্য খোলা সম্ভব নয় ওয়াংখেড়ে স্টেডিয়ামের গেট। তাছাড়া বাংলার ক্ষেত্রেও রয়েছে ২০২১ বিধানসভা নির্বাচন। নির্বাচনের সময়ে এত বড় একটি টুর্নামেন্ট পরিচালনা করতে বেশ বেগ পেতে হবে আয়োজক সংস্থাকে। তবে বোর্ড চায় আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে পূর্ণাঙ্গ আলোচনা করে ভেন্যু নির্ধারণ করতে। সেজন্য দরকার পূর্ণাঙ্গ পরিকল্পনা। তবে ইতিমধ্যেই দেশচিন্তা বাড়িয়েছে করোনার দাপট। তাই সমস্ত কিছু বিবেচনা করে আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশ করবে বোর্ড।
