উত্তর দিনাজপুর
সরকারি স্থানে থাকা ফ্লেক্স-ফেস্টুন খোলার কাজ শুরু ইটাহারে
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৮ ফেব্রুয়ারি : নির্বাচনী আচরণবিধি লাগু হতেই ইটাহারে সরকারি স্থানে থাকা ফ্লেক্স ফেস্টুন খোলার কাজ শুরু করলো নির্বাচন কমিশনের কর্মীরা। নির্বাচনের ঘোষণার পর সরকারি অফিসের স্থান ব্যবহার করে রাজনৈতিক দলের কোন ফ্ল্যাগ, ফেস্টুন লাগানো যায় না। এই আচরণবিধিকে মাথায় রেখে রবিবার তৎপর হয় কমিশনের কর্মীরা। বিভিন্ন জায়গা থেকে খুলে নেওয়া হয় ব্যানার-ফেস্টুন।
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। আগামী ২৭ শে মার্চ থেকে প্রথম দফায় ভোট শুরু রাজ্যে। ফলে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসনিকভাবে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে সমগ্র রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকেও। রবিবার সকাল থেকে নির্বাচন কমিশনের নির্দেশে ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিধানসভা ভোটের আচরনবিধি মেনে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারমূলক ব্যানার, পোস্টার ও দলীয় পতাকা সহ বিভিন্ন সরকারি পোষ্টার খুলে নেওয়ার ছবি লক্ষ্য করা গেলো। এদিন ইটাহার ব্লকের সদর ইটাহার, চেকপোষ্ট, দূর্গাপুর সহ বিভিন্ন এলাকায় একই ছবি দেখা যায়। মূলত নির্বাচনের আচরনবিধি মেনে নিরপেক্ষভাবে বিধানসভা ভোট সম্পূর্ণ করতে ও সাধারণ মানুষ যাতে কোনভাবে প্রভাবিত না হয় তাই এই কর্মসূচি বলে জানা গিয়েছে কমিশন সূত্রে।
