দেশ
অবশেষে গ্রেফতার লালকেল্লা মামলায় মূল অভিযুক্ত অভিনেতা দীপ সিধু
নিউজ ডেস্ক , ০৯ ফেব্রুয়ারি : অবশেষে গ্রেপ্তার লালকেল্লা হিংসার মামলায় অন্যতম অভিযুক্ত গায়ক-অভিনেতা দীপ সিধু। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। গত ২৬ জানুয়ারি লালকেল্লায় অশান্তির ঘটনায় কৃষকদের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে এই পাঞ্জাবি গায়ক-অভিনেতার বিরুদ্ধে।
লালকেল্লা তান্ডবের পরই দীপ সিধু ও আরও তিনজন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন দীপ সিধু সহ তিনজন। যদিও তাঁকে ধরার জন্য একলক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয় দিল্লি পুলিশের তরফে। এরপরই দিল্লি পুলিশের স্পেশাল সেল দীপ সিধুকে গ্রেফতার করে। এনিয়ে প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হিংসার ঘটনায় ১২৭ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিলের সময় দীপ সিধুর নেতৃত্বে বেশ কয়েকজন বিক্ষোভকারী লালকেল্লায় পৌঁছে সেখানে জাতীয় পতাকার পাশেই উড়িয়ে দেয় ধর্মীয় পতাকা। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। সমালোচনার মুখে পড়ে কৃষকদের আন্দোলন। যদিও কৃষকরা এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তাঁরা জানান, লালকেল্লা যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না তাঁদের। তবে গাঁ ঢাকা দিলেও সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও আপলোড করেন অভিযুক্ত অভিনেতা। সেখানে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে মঙ্গলবার সকালে পুলিশের হাতে পড়েন দীপ সিধু।
