ডিজিটাল ডেস্কঃ কলকাতা ওড়ানোর হুমকি দিয়েছে পাকিস্তান (Pakistan)। পড়শি দেশের এই ধৃষ্টতার পালটা দিতে গিয়ে এবার ১৯৭১ সালের ইতিহাস মনে করিয়ে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী (Defense Minister) রাজনাথ সিং। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাফ জানান, “বাংলার দিকে নজর দিলে পাকিস্তান অসংখ্য টুকরোয় ভাগ হয়ে যাবে।”
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের এক বিষ্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ভারত যদি কোনো অভিযান চালানোর চেষ্টা করে, তবে পাকিস্তান সেই সংঘাত (Conflict) কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাবে। আসিফের এই মন্তব্যের পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন কেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে নীরব। চাপের মুখে অবশেষে মঙ্গলবার ব্যারাকপুরে মুখ খুললেন রাজনাথ সিং।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজনাথ বলেন, “ওদের ৫৫ বছর আগের ঘটনা ভুলে যাওয়া উচিত নয়। ১৯৭১ সালে ওরা বাংলার দিকে নজর দিয়েছিল বলেই পাকিস্তান দু’টুকরো হয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল। এবার যদি ওরা দুঃসাহস (Audacity) দেখায়, তবে ওদের কী অবস্থা হবে তার ভবিষ্যৎ (Future) লেখা হয়ে রয়েছে।” তিনি আরও যোগ করেন, এবার পাকিস্তান কত টুকরো হবে তা ঈশ্বরই জানেন।
ব্যারাকপুরের জনসভা থেকে রাজনাথ সিং শুধু পাকিস্তানকেই বিঁধলেন না, কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও। তাঁর দাবি, গত নির্বাচনে মানুষ ‘বাংলার মেয়েকে’ চেয়ে ভোট দিলেও মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের পিঠে ছুরি মেরেছেন। রাজ্যে বেকারত্ব (Unemployment) ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের (Infiltrators) আড়াল করার চেষ্টা করছে। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে রাজনাথ জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো আপস করা হবে না। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পাকিস্তানের এই হুমকি এবং তাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের এই বাগযুদ্ধ (War of Words) বঙ্গ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।