রাজ্যের খবর
SIR শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু এক বৃদ্ধের! পরিবারের পাশে তৃণমূল, খোঁজ নিলেন অভিষেক
ডিজিটাল ডেস্কঃ ফের SIR (Special Intensive Revision) শুনানি ঘিরে মৃত্যুর অভিযোগ উঠল রাজ্যে। শুক্রবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বালি জগাছা ব্লক অফিসে (Bally Jagacha Block Office) শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম মদন ঘোষ (Madan Ghosh), বয়স ৬৫ বছর। তিনি লিলুয়া চকপাড়ার বাসিন্দা এবং ডোমজুড় কেন্দ্রের ২৩৫ নম্বর পার্টের ভোটার ছিলেন।
জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ কোনা বিডিও অফিসে (Kona BDO Office) SIR শুনানির জন্য হাজির হয়েছিলেন মদনবাবু। সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে দীপঙ্কর ঘোষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। প্রথমে তাঁকে কোনা গ্রামীণ হাসপাতালে, পরে হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকা (Voter List) থেকে শুরু করে খসড়া তালিকাতেও মদনবাবুর নাম ছিল। তা সত্ত্বেও শুনানির ডাক পেয়ে তিনি চরম আতঙ্কে ভুগছিলেন। পরিবারের অভিযোগ, শুনানির ভয় ও মানসিক চাপেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে পৌঁছন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ এবং ব্লক সভাপতি তাপস মাইতি নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকার কড়া সমালোচনা করেন। ঘটনার খোঁজ নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
