রাজনীতি
SIR আতঙ্কে পাশে থাকার বার্তা নিয়ে কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে দু’দিনের বিশেষ সফরে সোমবার কোচবিহারে পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে শহরে পৌঁছনোর পর বিকেল ৪টে কোচবিহারের রবীন্দ্রভবন (Rabindra Bhavan)–এ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, এই বৈঠকে জেলায় বকেয়া উন্নয়নমূলক কাজগুলির দ্রুত নিষ্পত্তি এবং সাম্প্রতিক বন্যা-ধসের পর বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চাইবেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় মদনমোহন মন্দিরে (Madanmohan Temple) পুজো দিতে পারেন। এরপর দুপুরে রাসমেলা মাঠে (Rashmela Ground) তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর নিয়ে রাজ্যজুড়ে উদ্বেগ বাড়ায় জেলা-জেলায় ছুটে গিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন তিনি। বনগাঁ, মালদহ, মুর্শিদাবাদে ধারাবাহিক সভার পর এবার কোচবিহার থেকেই শুরু হচ্ছে উত্তরবঙ্গের মানুষের প্রতি আশ্বাসের নতুন অধ্যায়।
বনগাঁতে দেওয়া তাঁর বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি ফের জানাতে পারেন—“আমি ভোট চাইতে আসিনি, এসেছি পাশে থাকতে। তিন বছরের কাজ তিন মাসে (3 months) হয় না। তাই ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে (Detention Camp) যেতে হবে না এবং কাউকে পুশব্যাক (Pushback) করা হবে না।” ইতিমধ্যেই প্রায় চল্লিশটি মৃত্যুর ঘটনার প্রসঙ্গ তুলে এসআইআর-এর তড়িঘড়ি কাজকে অবৈজ্ঞানিক বলেও সরব হন তিনি।
রাজনৈতিক মহলের মতে, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে বিজেপি যে রাজনৈতিক অঙ্ক কষছিল, তৃণমূল সেই প্রচেষ্টাকে কার্যত ব্যাহত করতেই সক্রিয় হয়েছে। এই সফরে জেলার তৃণমূল কর্মীরাও নতুন করে উদ্দীপ্ত হচ্ছেন। উত্তরবঙ্গ সফর শেষে ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে (Krishnanagar) আরেকটি সভায় ‘পাশে থাকার’ বার্তা দেবেন বলে জানা গেছে।


