ভাইরাল খবর
‘থালা-বাটি বেচে হলেও পাশে থাকব’ — ভোটার লিস্ট বিতর্কে দৃঢ় প্রতিশ্রুতি মমতার
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR – Special Intensive Revision) শুরু হতেই উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। কমিশনের (Election Commission) নির্দেশে মঙ্গলবার থেকে বুথ লেভেল অফিসার (BLO – Booth Level Officer)-রা এই কাজ শুরু করেছেন। আর ঠিক এই দিনেই জোড়াসাঁকো থেকে বিশাল মহামিছিল শেষে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি বলেন, “আমরা থাকতে বাংলার একজন যোগ্য ভোটারের নামও বাদ যাবে না। প্রয়োজনে জীবনের রক্ত দিয়েও তা রক্ষা করব।” মমতা জানান, ২০০২ সালের ভোটার তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামও ছিল না, কারণ তাঁর জন্ম ১৯৮৭ সালে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সাম্প্রতিককালে SIR নিয়ে আতঙ্কে কয়েকজনের আত্মহত্যার অভিযোগে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “২০০২ সালের ভোটার লিস্টে যাঁদের মা-বাবার নাম নেই, তাঁরা ভয় পাবেন না। বিজেপির কথায় প্যানিক হবেন না। পিতামাতার সার্টিফিকেট ছাড়াও আরও অনেক ডকুমেন্ট (Documents) জমা দেওয়া যায়। আমাদের বুথ লেভেল এজেন্টদের (BLA) সঙ্গে যোগাযোগ রাখুন।”
মতুয়াদের পাশে থাকার আশ্বাসও দেন মমতা। তিনি অভিযোগ করেন, “মতুয়াদের কার্ড করে দেওয়ার নামে টাকা তোলা হচ্ছে। এসব ফাঁদে পা দেবেন না। আমি ঠাকুরবাড়ির নামে শপথ করছি, আপনাদের ক্ষতি হতে দেব না।”
তিনি আরও বলেন, “আমরা থালা-বাটি বেচে হলেও সাহায্য করব। আমাদের ভোট আমাদের অধিকার। প্রয়োজনে বিজেপিকে উৎখাত করব, কিন্তু এই অধিকার কেড়ে নিতে দেব না।”
মমতা প্রশ্ন তোলেন, কেন শুধু বিরোধী রাজ্যেই SIR নিয়ে এত তাড়াহুড়ো? তাঁর অভিযোগ, “২১, ২৪-এ পরাজয়ের পর বিজেপি এবার পিছনের দরজা দিয়ে বাংলা দখলের চেষ্টা করছে। দুই কোটি মানুষের নাম কেটে ওরা ভাবছে বাংলা পাবে—ওদের সে স্বপ্ন পূরণ হবে না।”
শেষে রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও এজেন্সিকে (Agency) দেখে ভয় পাবেন না। প্রয়োজনে আদালতে যান, কিন্তু ভয় নয়, লড়াই করুন।”
নির্বাচন কমিশনকেও কটাক্ষ করে মমতা বলেন, “মোদীবাবু, শাহবাবুকে খুশি করতে কুর্সিবাবু নতুন ইতিহাস গড়তে চাইছেন, কিন্তু তাঁর ইতিহাস পাতিহাঁসে পরিণত হবে।”


