ভাইরাল খবর
ব্যান্ডেজ জড়ানো শরীরে টোপর-পরা বর, পাশে দাঁড়ানো কনে—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাসপাতাল বিয়ে
ডিজিটাল ডেস্কঃ ধরাবাঁধা আয়োজন নয়, ভালোবাসার কাছে জীবন কখনও কখনও সমস্ত নিয়মকে পিছনে ফেলে দেয়। এমনই এক ব্যতিক্রমী বিয়ের সাক্ষী থাকল বাংলাদেশের (Bangladesh) মানিকগঞ্জ শহরের একটি সরকারি হাসপাতাল। যেখানে হাসপাতালের বেডেই চার হাত এক করলেন আনন্দ সাহা (Ananda Saha) এবং অমৃতা সরকার (Amrita Sarkar)। এই অভিনব বিবাহের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আসলে, চলতি বছরের ১৪ ডিসেম্বর এই যুগলের বিয়ে হওয়ার কথা ছিল। সম্পর্ক দীর্ঘদিনের, দুই পরিবারই রাজি ছিল। আশীর্বাদও হয়ে গিয়েছিল জুলাই মাসে। কিন্তু আগস্টে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন আনন্দ। দুই হাত ও এক পায়ে চোট পেয়ে তিনি ভর্তি হন মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে তাঁর আরও তিন মাস সময় লাগবে।
এই অবস্থাতেও প্রেমের প্রতি একটুও টলেননি অমৃতা। বরং আনন্দের সঙ্গে থাকতেই ঠিক করেন, নির্ধারিত দিন না দেখে আগেই বিয়ে সেরে ফেলবেন। এতে দুই পরিবারই সম্মতি দেয়। তারপরেই হাসপাতালেরই এক নিরিবিলি ফ্লোরে আয়োজন হয় বিয়ের।
হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে ছোট্ট করে সাজিয়ে তোলা হয় আয়োজন। ধুতি-পাঞ্জাবি, টোপর আর গলায় মালা—বেডে শুয়ে থাকা আনন্দকে সাজানো হয় যতটা সম্ভব। পাশে লাজুক মুখে দাঁড়িয়ে অমৃতা। তাঁদের পাশে ছিলেন ডাক্তার, নার্স ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও।
মানিকগঞ্জ হাসপাতালের মেডিক্যাল ইউনিট প্রধান ডা. সিরাজুল ইসলাম জানান, “এটা শুধু এক বিয়েই নয়, এক অসাধারণ উদাহরণ—ভালোবাসা ও সহমর্মিতার।”


