ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক সাহসিকতা নয়, বরং ‘পাগলামি’র পরিচয় দিচ্ছেন বৈদ্যুতিক খুঁটিতে উঠে। তাঁর হাতে একটি তার কাটার যন্ত্র (Wire Cutter)। আর সেই যন্ত্র দিয়েই একের পর এক বিদ্যুতের তার কেটে যাচ্ছেন তিনি। উদ্দেশ্য? প্রেমিকাকে না পেয়ে গোটা গ্রামকে ‘শাস্তি’ দেওয়া!
জানা যাচ্ছে, ওই যুবকের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিকার ফোন ব্যস্ত (Busy) পেয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। এরপর প্রেমে ব্যর্থ হয়ে একাই কষ্ট না পেয়ে গোটা গ্রামবাসীকেও অন্ধকারে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। তাই সোজা গিয়ে উঠলেন বৈদ্যুতিক খুঁটিতে, কেটে দিলেন বিদ্যুতের তার।
পুরো ঘটনার ভিডিও করেন এক প্রত্যক্ষদর্শী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই এই প্রেমিককে তুলনা করছেন ‘ট্রু সাইয়ারা’ (True Sayara) চরিত্রের সঙ্গে। কেউ বলছেন, “কেউ কেউ প্রেমে শিরা কাটে, এ তো পুরো গ্রামেই বিদ্যুতের শিরা কেটে দিল!”
তবে শুধুই মজার নয়, এই ভিডিও ঘিরে উদ্বেগও প্রকাশ করছেন অনেকে। এত উচ্চতায়, এমন বিপজ্জনক কাণ্ড করতে গিয়ে যে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারত—তা ভেবেই শিউরে উঠছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, “কম হিন্দি সিনেমা দেখা উচিত!”
ঘটনা নিছক হাস্যকর মনে হলেও, এর পরিণতি ভয়াবহ হতে পারত—সেই বার্তাই এখন ছড়িয়ে দিচ্ছেন সচেতন মানুষজন।