প্রতারণা
নির্বাচনের আগে তৃণমূল টিকিটের নামে প্রতারণা, অভিষেকের নাম ঘিরে চাঞ্চল্য
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ভোটের আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম ভাঙিয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূলের (TMC) টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা দাবি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
শেক্সপিয়র সরণি থানার তদন্তে জানা গেছে, শেখ নাজমুল হোদা (Sheikh Najmul Hoda) নামে ওই ব্যক্তি নিজেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টিকিটের প্রতিশ্রুতি দিয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছিলেন।
এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘুরেফিরে উঠে আসায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দল। পরে শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি একা নয়, তার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র যুক্ত থাকতে পারে বলেও আশঙ্কা। এই মুহূর্তে তার সঙ্গে কারা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণার উদ্দেশ্য কী, তা-ও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারেরা।
তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেবে দলীয় নেতৃত্ব ও সুপ্রিমো নিজে। এই পরিস্থিতিতে এই ধরনের তোলাবাজির ঘটনা বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত বলেই মনে করছে শাসক শিবির।


