ভাইরাল খবর
আইনরক্ষকই এবার নির্যাতিত, মালদহে তৃণমূল নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ মালদহের চাঁচল (Chanchal, Malda) আবারও শিরোনামে – এবার পুলিশের ওপর সরাসরি হামলার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিজেপির (BJP) দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময়। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হলেন এক এএসআই।
জানা গিয়েছে, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চাঁচল থানার এএসআই সমীর সিনহা (ASl Samir Sinha)। তখনই হঠাৎ করে সেখানে উপস্থিত হন স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত দাস (Jayanta Das)। অভিযোগ, তিনি কোমরের বেল্ট খুলে এএসআই-কে হুমকি দিতে শুরু করেন। এরপর আরও কয়েকজন মিলে তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে।
এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এএসআই সমীর সিনহাকে বেল্ট দিয়ে মারা হচ্ছে, এমনকি কয়েকজন পাথর হাতে তাঁর দিকে তেড়ে যাচ্ছেন।
ঘটনার পর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হলেও, মূল অভিযুক্ত জয়ন্ত দাস এখনও পলাতক।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মালদহে ইভটিজিংয়ের (Eve-teasing) একটি ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, একটি সালিশি সভায় পুলিশকে ঘিরে ফেলে গ্রামের একাংশ। সেবারও এক তৃণমূল নেতার (TMC leader) নাম উঠে এসেছিল পুলিশের ওপর হামলার প্ররোচনার অভিযোগে।
একাধিক ঘটনায় মালদহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং জয়ন্ত দাসকে খুঁজে বের করার চেষ্টা চলছে।


