ভাইরাল খবর
বাংলাদেশি সন্দেহে মুম্বইয়ে আটক ও নির্যাতনের পর হাবড়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ ভিনরাজ্যে বাঙালি পরিচয়কে কেন্দ্র করে ফের মর্মান্তিক ঘটনা ঘটল। উত্তর ২৪ পরগনার হাবড়ার (Habra, North 24 Parganas) বাসিন্দা গোলাম মণ্ডল (Golam Mandal) সোমবার সকালে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। জীবিকার তাগিদে মুম্বই (Mumbai) গিয়ে দিনমজুর হিসেবে কাজ করছিলেন তিনি। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে ‘বাংলাদেশি’ সন্দেহে পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং জেলে পাঠানো হয়।
পরিবারের দাবি, জেল হেফাজতে থাকা অবস্থায় গোলাম মণ্ডল শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হন। পরিযায়ী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’ (Desh Bachao Ganmanch)-এর হস্তক্ষেপে তিনি মুক্তি পান। তবে মুক্তির পরও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাননি। অভিযোগ, বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি খালি অফিসে তাঁকে কিছুদিন আটক রাখা হয়। সেখানে খাবারের নামে সামান্য ভাত দেওয়া হতো, অনেক সময় শুধু জল খেয়ে দিন কাটাতে বাধ্য হতেন তিনি। দীর্ঘ আতঙ্ক ও দুঃসহ অভিজ্ঞতার কারণে খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দেন গোলাম।
মুক্তির পর সাংবাদিক বৈঠকে তিনি নিজের দুর্দশার কথা প্রকাশ করেছিলেন। হাবড়ায় ফিরে আসলেও মানসিক যন্ত্রণার কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা চলছিল, কিন্তু রোববার তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। সোমবার সকালে কলকাতার হাসপাতালে স্থানান্তর করার পরিকল্পনা থাকলেও মৃত্যুর আগেই ঘটনা ঘটে।
গোলাম মণ্ডলের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী ও সাংসদ দোলা সেন (Dola Sen) জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু তার আগেই এই অঘটন ঘটে যায়।
এ ঘটনা ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকারের প্রশ্ন আবারও সামনে তুলে দিয়েছে। প্রতি বছর হাজারে হাজারে বাংলার শ্রমিকরা রুজির তানে ভিনরাজ্যে যায়, কিন্তু সেখানে হেনস্তা ও অত্যাচারের ঘটনা তাদের পরিবারগুলোর মধ্যে ভয় ও আতঙ্ক বাড়াচ্ছে।


