ভাইরাল খবর
আদিবাসী উন্নয়নে রাজনৈতিক পার্থক্য বাদ, নবান্নে বৈঠকে আমন্ত্রণ বিজেপি নেতাদের
ডিজিটাল ডেস্কঃ সৌজন্যের নজির স্থাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) অনুষ্ঠিত হতে যাওয়া ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল (West Bengal Tribes Advisory Council)-এর বৈঠকে এবার বিজেপির জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এই কাউন্সিলের চেয়ারপার্সন স্বয়ং মুখ্যমন্ত্রী।
বৈঠকে আদিবাসী সমাজের উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হবে। নবান্ন সূত্রে খবর, ১৫ জন আমন্ত্রিত সদস্যের মধ্যে দু’জনই বিজেপি নেতা। মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকা (Dashrath Tirkey)-কে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং ফোনেও তাঁদের উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, দশরথ তিরকা এর আগে ২০২২ সালে শিলিগুড়িতে অনুষ্ঠিত আদিবাসী কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। ২০১২ সালে মুখ্যমন্ত্রী এই কাউন্সিল গঠন করেছিলেন আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য। কলকাতা, জলদাপাড়া ও উত্তরকন্যায় ইতিমধ্যেই তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবারের বৈঠক হবে নবান্নে কাউন্সিলের চতুর্থ বৈঠক।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, বৈঠকে আদিবাসীদের জাতি শংসাপত্র প্রদান, পড়াশোনা ও হস্টেলের ব্যবস্থা, জমির পাট্টা বিতরণ, বয়স্ক পেনশন সহ আদিবাসী সমাজের প্রকৃত উন্নয়নের বিভিন্ন বিষয় আলোচনা করা হবে। সভার মূল লক্ষ্য রাজনৈতিক দ্বন্দ্বকে সরিয়ে রেখে সমাজের উন্নয়নের জন্য সমন্বয় করা।
বিশেষভাবে নজর রাখা হচ্ছে যে, সকল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং প্রশাসনিকভাবে বৈঠকটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এ ধরনের পদক্ষেপ রাজনীতিকে ছাপিয়ে আদিবাসী সমাজের উন্নয়নে গৃহীত উদ্যোগ হিসেবে প্রকাশ পাচ্ছে।


