রাজনীতি
‘ডিগ্রি বৈধ, কিছু লুকোইনি’—রেজিস্ট্রেশন বাতিলে হাইকোর্টে প্রাক্তন সাংসদ শান্তনু সেন
ডিজিটাল ডেস্কঃ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council) সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে নামলেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডা. শান্তনু সেন (Dr. Santanu Sen)। চিকিৎসক হিসেবে তাঁর রেজিস্ট্রেশন দুই বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি রিট পিটিশন দাখিল করেছেন।
মামলাটি আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)-র এজলাসে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অভিযোগ, ‘এফআরসিপি গ্লাসগো’ (FRCP Glasgow) নামের একটি বিদেশি ডিগ্রি ব্যবহার করেও রাজ্যের কাউন্সিলে নিজেকে রেজিস্টার করেননি শান্তনু সেন। বিষয়টি জানাজানি হতেই তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। বৃহস্পতিবার তিনি সশরীরে উপস্থিত হয়ে জবাব দিলেও সন্তুষ্ট হয়নি মেডিক্যাল কাউন্সিল।
আরও পড়ুনঃচার দিনেও গ্রেফতার হয়নি বেবি কোলে, পুলিশের নিষ্ক্রিয়তায় হাইকোর্টে গেলেন বাম নেতা
এরপরই তাঁর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলত, আগামী দুই বছর তিনি চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডা. সুদীপ্ত রায় (Dr. Sudipta Roy) জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনার পর শান্তনু সেন দাবি করেন, তাঁর বিদেশি ডিগ্রি বৈধ এবং রেজিস্ট্রেশনের জন্য তিনি যথাযথভাবে আবেদন ও তথ্য জানিয়ে RTI করেছিলেন, কিন্তু কোনও উত্তর পাননি। তাঁর বক্তব্য, “অন্যায় করলে মুখ লুকিয়ে চলে যেতাম, কিন্তু আমার ডিগ্রির যোগ্যতা আছে। আমি কিছু গোপন করিনি।”
এখন হাইকোর্ট এই সিদ্ধান্তকে কীভাবে বিবেচনা করে, সেদিকেই নজর চিকিৎসক মহলসহ রাজনৈতিক মহলেরও।
