ভোটের খবর
স্যানিটারি প্যাডে রাহুলের ছবি! বিহারে বিতর্কে কংগ্রেসের ‘উড়ান যোজনা’
ডিজিটাল ডেস্কঃ বিহারে (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহিলা ভোটারদের মন জয়ে মরিয়া রাজনৈতিক দলগুলি। সেই লক্ষ্যেই কংগ্রেস (Congress) ও আরজেডি (RJD)-র মহাগঠবন্ধন চালু করতে চেয়েছিল ‘প্রিয়দর্শিনী উড়ান যোজনা’ (Priyadarshini Udaan Yojana) নামের একটি প্রকল্প, যার আওতায় রাজ্যের ৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে স্যানিটারি প্যাড (Sanitary Pad) দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা। কিন্তু সেই মানবিক উদ্যোগই এখন বিতর্কের কেন্দ্রে।
বিতর্কের মূল কারণ—প্যাডের প্যাকেটের গায়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছবি। এই বিষয়টি নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি (BJP)। দলটির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি (Pradeep Bhandari) তাঁর এক্স (X) হ্যান্ডেলে লেখেন, “স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি? এটা বিহারের মহিলাদের প্রতি অপমান। কংগ্রেস নারীবিদ্বেষী দল।”
আরও পড়ুনঃ ‘ডিগ্রি বৈধ, কিছু লুকোইনি’—রেজিস্ট্রেশন বাতিলে হাইকোর্টে প্রাক্তন সাংসদ শান্তনু সেন
কংগ্রেসের ঘনিষ্ঠ মহল অবশ্য বলছে, মহিলা স্বাস্থ্য নিয়ে কথা বলাটাই দলের বার্তা। কিন্তু বিরোধীরা এটিকে রাজনৈতিক অপসংস্কৃতির উদাহরণ হিসেবে তুলে ধরছে।
প্রসঙ্গত, নারী ভোট টানতে ইতিমধ্যেই কংগ্রেস-আরজেডি জোট ঘোষণা করেছে ‘মাই বহেন মা যোজনা’ (Mai Bahen Maa Yojana), যেখানে প্রতি মাসে মহিলাদের ₹২,৫০০ করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। অন্যদিকে, বিহারের শাসকদল জেডিইউ (JDU) চালু করেছে ‘মহিলা সংবাদ’ (Mahila Samvad) প্রকল্প, যেখানে প্রায় ২ কোটি মহিলার সঙ্গে সরাসরি সংযোগ গড়ার প্রচেষ্টা চলছে।
এই প্রেক্ষাপটে কংগ্রেসের স্যানিটারি প্যাড বিতরণ উদ্যোগ বিতর্কের শিকার হওয়ায় নির্বাচনের আগে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, কংগ্রেস নেতৃত্ব এই বিতর্কে কী অবস্থান নেয়।
