রাজনীতি
“বিজেপি ৫০-এর নীচে আটকে যাবে”, ছাব্বিশের ভবিষ্যদ্বাণী করে ভোটের মঞ্চে বাজি ধরলেন অভিষেক
ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে স্পষ্ট ভবিষ্যদ্বাণী করে ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সাতগাছিয়ায় এক জনসভা থেকে তাঁর ঘোষণা, “২০২১-এ বিজেপির চাকা ৭৭-এ আটকে গিয়েছিল। এবার ২০২৬-এ ৫০-এর নিচে আটকে যাবে। আমি কথা দিয়ে গেলাম।” এরপরই তাঁর স্লোগান, “এবার বিজেপিকে বিদায় জানানোর পালা।”
এদিন ‘নিঃশব্দ বিপ্লব’ (Silent Revolution) নামের প্রায় ৭০০ পাতার একটি পুস্তিকা প্রকাশ করে অভিষেক দাবি করেন, গত ১১ বছরে ডায়মন্ডহারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। তাঁর সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)।
আরও পড়ুনঃ অলকানন্দায় বাস পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, রুদ্রপ্রয়াগে মৃত ১, নিখোঁজ একাধিক
জনসভা থেকেই অভিষেক বিজেপিকে একের পর এক ইস্যুতে বিঁধে বলেন, “পহেলগাঁও হামলায় ব্যর্থ অমিত শাহ (Amit Shah) বা আইবি প্রধান তপন ডেকার (Tapan Deka) ইস্তফা বিজেপি চাইছে না কেন?” পাশাপাশি আর জি কর কাণ্ডে বিজেপি-বামের মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার অপসারণের দাবি নিয়েও কটাক্ষ করেন তিনি।
জগন্নাথ মন্দির নিয়েও বিজেপির নেতাদের মন্তব্যকে ঘিরে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের মন্তব্য তুলে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওদের হিন্দুত্বের মুখোশ খুলত না।”
শেষে ২০২৪-এর লোকসভা ফল উল্লেখ করে অভিষেক জানান, “আমি ভবিষ্যদ্বাণী করি না, কিন্তু করলে ঈশ্বরের কৃপায় মিলে যায়।” তাঁর বক্তৃতায় ছাব্বিশের ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেতা।
