রাজনীতি
বিধানসভায় অসুস্থ তৃণমূল বিধায়ক, তৎপরতায় নওসাদ সিদ্দিকি ও ডা. অজয় পোদ্দার
ডিজিটাল ডেস্কঃ আচমকা অসুস্থ হয়ে পড়লেন বলাগড়ের (Balagarh) তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)। সোমবার সকালে বিধানসভার (Assembly) লবিতেই আচমকা মাটিতে পড়ে যান প্রবীণ এই বিধায়ক। সেসময় আশপাশে খুব বেশি লোকজন ছিলেন না। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় মুহূর্তের মধ্যে বিধানসভা চত্বরে ছড়ায় চাঞ্চল্য।
ঘটনার সময় বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nawsad Siddique) বিধানসভার লবিতে উপস্থিত ছিলেন। তিনি-সহ আরও কয়েকজন তৎক্ষণাৎ এগিয়ে এসে অসুস্থ বিধায়ককে সামলান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধানসভার মেডিকেল ইউনিটে। চিকিৎসকরা এসে দেখেন, মনোরঞ্জনবাবুর রক্তচাপ স্বাভাবিকের তুলনায় অত্যধিক বেড়ে গিয়েছে। রক্তে শর্করার মাত্রাও পরীক্ষা করা হয়। তবে জল খাওয়ানো, হাত-পা মালিশ করেও তখনও জ্ঞান ফেরেনি বিধায়কের।
অবশেষে তাঁকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। বিধানসভা চত্বরে তখন উত্তেজনার মধ্যেও তৎপরতার ছবি। সেখানে উপস্থিত ছিলেন কুলটির (Kulti) বিজেপি বিধায়ক তথা চিকিৎসক ডা. অজয় পোদ্দার (Dr. Ajay Poddar)। তিনিই প্রাথমিক চিকিৎসা করার চেষ্টা করেন। একইসঙ্গে সহায়তায় এগিয়ে আসেন তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল (Rahima Mondal) এবং অন্য সহকর্মীরাও।
আরও পড়ুনঃ দলের কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, মামলা দায়ের পুলিশের
চোখের সামনে ঘটনাটি ঘটতে দেখেন উপস্থিত বেশ কয়েকজন বিধায়ক। তাঁদের মতে, মনোরঞ্জনবাবু পড়ে যাওয়ার ঠিক আগে ভারসাম্য হারিয়ে পাশের দেওয়াল বা রেলিং ধরার চেষ্টা করেছিলেন। সম্ভবত উচ্চ রক্তচাপের কারণেই মাথা ঘুরে তিনি অচেতন হয়ে পড়েন।
৭০ পেরোনো এই তৃণমূল বিধায়ক বরাবরই স্পষ্টবক্তা এবং দলীয় নানা বিষয় নিয়ে বহুবার সরব হয়েছেন। এর আগেও তাঁর সামাজিক মাধ্যমে বিভিন্ন ‘বিদ্রোহী’ মন্তব্যে অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। একবার তো প্রকাশ্যেই দলের এক নেত্রীকে দুর্নীতির অভিযোগে ‘অসৎ’ বলেছিলেন মনোরঞ্জনবাবু।
বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। বিধানসভা সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যধিক উচ্চ রক্তচাপের কারণেই বিধায়ক জ্ঞান হারিয়েছিলেন। তবে সমস্ত রিপোর্ট হাতে আসার পরই বিস্তারিত জানা যাবে।
