ভাইরাল খবর
দলের কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, মামলা দায়ের পুলিশের
ডিজিটাল ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy)-র বিরুদ্ধে দায়ের হল মামলা। নিজের দলেরই এক কর্মীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হলেন তিনি। ঘটনার জেরে মামলা দায়ের হয়েছে জগন মোহন ছাড়াও প্রাক্তন সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি (YV Subba Reddy), প্রাক্তন মন্ত্রী বিদদলা রজনী (Vidadala Rajini), কনভয়ের গাড়ির চালক রামানা রেড্ডি (Ramana Reddy) এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়ক নাগেশ্বর রেড্ডি (Nageshwar Reddy)-র বিরুদ্ধেও।
১৮ জুন গুন্টুরে (Guntur) একটি জনসভায় যোগ দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই দিন জগন মোহনের কনভয়ে নির্ধারিত ৩টি গাড়ির বদলে অনেক বেশি গাড়ি ছিল। রাস্তার দুই ধারে তখন ভিড় জমিয়েছিলেন দলের সমর্থকরা। ঠিক সেই সময় কনভয়ের একটি গাড়ির সামনে পড়ে যান বছর ৫৪-এর চেলি সিংহাইয়া (Cheli Singhayya)। প্রত্যক্ষদর্শীরা বারবার চিৎকার করলেও গাড়ি থামেনি। কনভয়ের একটি গাড়ির চাকা সোজা উঠে যায় তাঁর গলার উপর। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ কালীগঞ্জে ভোটগণনা: তৃণমূলের দিকে হাওয়া, পিছিয়ে বিজেপি
মৃতের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা দায়ের করেছে। ঘটনায় ইতিমধ্যেই গুন্টুর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার সময়ের একটি মোবাইল ফুটেজ ভাইরাল হয়েছে। সেই ফুটেজ, আশপাশের সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে রেকর্ড হওয়া ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, আপাতত যে ধারায় মামলা হয়েছে, তদন্তে গাফিলতির প্রমাণ মিললে পরে অনিচ্ছাকৃত খুনের (Unintentional Murder) ধারা সংযোজন হতে পারে।
অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে এই ঘটনা বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। কনভয়ের অনুমতি, নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং প্রশাসনিক নজরদারির প্রশ্নে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।
