ডিজিটাল ডেস্কঃ রাজ্যে করোনা সংক্রান্ত তথ্য আপডেটে ‘ঘটমান গাফিলতি’ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, রাজ্য সরকারের কোভিড পোর্টাল দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। তাঁর কথায়, “যেমন ডেঙ্গুর ক্ষেত্রে তথ্য গোপন করা হচ্ছে, তেমনই কোভিড সংক্রমণ নিয়েও স্বাস্থ্যমন্ত্রক তথ্য লুকোচ্ছে।”
শুভেন্দু বলেন, “আমাদের স্বাস্থ্য দফতরের প্রতিদিনের আপডেট খুলে দেখলেই বোঝা যাবে—ওটা নন-অপারেটিং। ডেটা এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়েও রাজ্য সরকার চরম উদাসীনতা দেখাচ্ছে।” তিনি একটি জেলার কোভিড তথ্য তুলে ধরে বলেন, “আমাদের হাতে তথ্য আছে যে, ডেটা দেওয়া হচ্ছে না। স্বাস্থ্যদফতর ইচ্ছে করেই তথ্য গোপন করছে।”
আরও পড়ুনঃ “আমার কোনও ক্ষমতা নেই, তবু আমি এখন ১০০ কোটির মালিক!” — বিতর্কে ফের মদন মিত্র
যদিও বিরোধী দলনেতা এটাও স্পষ্ট করেছেন যে, এই মুহূর্তে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাঁর কথায়, “আমরা জনস্বার্থে এই বিষয়গুলি তুলে ধরছি। আতঙ্ক ছড়ানো উদ্দেশ্য নয়, বরং প্রশাসনের গাফিলতির দিকে নজর আকার্ষণ করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও অভিযোগ করেন, “একসময় চিকিৎসকেরা ডেঙ্গু লিখতে ভয় পেতেন। এখন আবার পরিস্থিতি এমন যে, কোভিড সংক্রান্ত ডেটাই আপডেট করা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা জনস্বাস্থ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়।”