ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরে এই প্রথমবার জম্মু ও কাশ্মীর সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সফর শুধু রাজনৈতিক বার্তা বহন করছে না, পাশাপাশি কাশ্মীর উপত্যকার পরিকাঠামোগত উন্নয়নেও এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠেছে। আজ, শুক্রবার, তিনি একাধিক রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলওয়ের উদ্বোধন।
উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ (USBRL) প্রকল্পের অন্তর্গত এই চেনাব সেতুটি অবস্থিত ৩৫৯ মিটার উচ্চতায় এবং এর দৈর্ঘ্য ১,৩১৫ মিটার। অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এবং খাড়াই উপত্যকায় নির্মিত এই ইস্পাত কাঠামো রেল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়কর নিদর্শন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃসীমান্তে সুরক্ষা আরও আঁটোসাঁটো, অস্ত্র চালানো শেখানো হচ্ছে সাধারণ নাগরিককে
আজই প্রধানমন্ত্রী মোদী কাটরা ও শ্রীনগরের মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের সূচনাও করেছেন। এই উচ্চগতির ট্রেনের ফলে যাত্রাপথে সময় বাঁচবে ২ থেকে ৩ ঘণ্টা। ফলে জম্মু-কাশ্মীরের পর্যটন ও অর্থনীতিতে বড় ধাক্কা আসবে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি অঞ্জি খাদ নদীর উপর নির্মিত ভারতের প্রথম কেবল-স্টেড রেল সেতুও (Anji Khad Bridge) আজ উদ্বোধন করেছেন তিনি। এই সেতুটিও কঠিন ভৌগোলিক চ্যালেঞ্জকে জয় করে তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী আজ ২৭২ কিমি দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল পথেরও আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন , যেখানে রয়েছে ৩৬টি টানেল (মোট ১১৯ কিমি) এবং ৯৪৩টি সেতু। সব ঋতুতে কার্যকর এমন একটি রেল সংযোগ কাশ্মীরকে দেশের মূল স্রোতে আরও বেশি করে যুক্ত করবে বলে জানাচ্ছে রেল মন্ত্রক।
এদিন সীমান্তবর্তী অঞ্চলে একাধিক সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন মোদী। পাশাপাশি রিয়াসি জেলায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্স–এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এটি হবে ওই অঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, যা চিকিৎসা শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হানার পর যখন পর্যটক আগমন কমেছে, তখন প্রধানমন্ত্রীর এই সফর ও পরিকাঠামো উন্নয়ন উপত্যকায় আস্থা ফেরাতে সাহায্য করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সরকার যে কাশ্মীরকে ‘শেষ মাইল’ পর্যন্ত যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ, আজকের এই সফরে তারই বাস্তব রূপ প্রকাশ পেয়েছে।