হামলা
দেশবিরোধী পোস্টে তীব্র ক্ষোভ, অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ
ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ‘দেশবিরোধী’ ছবি ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বারাসত (Barasat) চাঁপাডালি মোড় এলাকায়। অভিযোগ, ওই ছবি পোস্ট করেছিলেন স্থানীয় এক মাংস ব্যবসায়ী (Meat Seller)। ঘটনার জেরে মঙ্গলবার সকালে উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার হন তিনি।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই চাঁপাডালিতে মাংসের ব্যবসা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দার দাবি, পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পর ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) প্রতিক্রিয়া হিসেবে সোশ্যাল মিডিয়ায় দেশজুড়ে একাধিক দেশাত্মবোধক পোস্ট ঘুরছে। এর মধ্যেই ওই যুবক একটি ‘বিতর্কিত’ ও ‘দেশবিরোধী’ ছবি পোস্ট করেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ‘ঘরে ঢুকে মারব’, আদমপুর থেকে পাকিস্তানকে সতর্ক করলেন মোদী
সেই পোস্ট নজরে আসতেই চাপে পড়ে যান তিনি। মঙ্গলবার সকালে দোকানে আসার পর জনতার একাংশ তাঁকে ঘিরে ধরে। প্রথমে দোকান বন্ধ করতে বাধ্য করা হয়, এরপরেই চলে মারধর।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার (Barasat Police Station) পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে আহত যুবককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, থানায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার পর থেকে এলাকা থমথমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পোস্টটি সরিয়ে দেওয়ার পাশাপাশি প্রশাসনের তরফে কড়া পদক্ষেপের দাবি উঠেছে। তবে ওই যুবক সঠিক কী পোস্ট করেছিলেন, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ।
