স্বাস্থ্য
চুরির অভিযোগে মধ্যযুগীয় শাস্তি! শ্রমিকদের উপর ভয়াবহ অত্যাচার ছত্তিশগড়ে
ডিজিটাল ডেস্কঃ ছত্তিশগড়ের কোরবা জেলার এক আইসক্রিম কারখানায় চোর সন্দেহে দুই শ্রমিকের উপর অমানবিক অত্যাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, দুই যুবককে প্রথমে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়, এরপর উপড়ে নেওয়া হয় নখ, তারপর দেওয়া হয় ইলেকট্রিক শক। কোনওরকমে পালিয়ে প্রাণ রক্ষা করেন নিগৃহীতরা।
পুলিশ সূত্রে খবর, নিগৃহীত দুই যুবকের নাম অভিষেক ভাম্বি ও বিনোদ ভাম্বি। তাঁরা রাজস্থানের ভিলওয়ারা জেলার বাসিন্দা। চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কিছুদিন আগে ছত্তিশগড়ের ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। দিন চারেক আগে, কারখানার এক আধিকারিক গুরজার ও তাঁর সহযোগী অভিষেক ও বিনোদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। তারপরই শুরু হয় অত্যাচার।
আরও পড়ুনঃ স্কুলে শিশুদের সামনে মদের আসর! পড়ুয়াদের মদ খেতে উৎসাহিত, সাসপেন্ড শিক্ষক
নিগৃহীতদের অভিযোগ, তাদের নগ্ন করে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। এরপর একে একে উপড়ে নেওয়া হয় হাতের নখ। শারীরিক অত্যাচার এখানেই থামে না—বিদ্যুৎ সংযোগের মাধ্যমে শরীরে ইলেকট্রিক শক দেওয়া হয়। মরণাপন্ন অবস্থায় দুই যুবক কোনওভাবে পালিয়ে গিয়ে আশপাশের এক গ্রামে আশ্রয় নেন। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। রাজস্থান পুলিশ ‘জিরো এফআইআর’ গ্রহণ করে মামলা নথিভুক্ত করে এবং পরে সেটি স্থানান্তরিত হয় কোরবা থানায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিষেক তাঁর মালিকের থেকে গাড়ি কেনার জন্য ২০ হাজার টাকা অগ্রিম চেয়েছিলেন। মালিক তা দিতে অস্বীকার করলে, অভিষেক কাজ ছাড়ার কথা বলেন। তারপরই মালিকপক্ষ প্রতিহিংসামূলক আচরণ করে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শ্রমিকদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
