উত্তর দিনাজপুর
মুরশিদাবাদের পর এইবার উত্তর দিনাজপুরেও ওয়াকফ বিল নিয়ে বিক্ষোভ
ডিজিটাল ডেস্কঃ ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই আবহেই রবিবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে বিক্ষোভ দেখাল একাধিক ইসলামিক সংগঠন। নতুন ওয়াকফ বিলকে সংখ্যালঘু সমাজের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে বিল প্রত্যাহারের দাবিতে পথে নামেন সংগঠনের সদস্যরা। চোপড়ার বিভিন্ন অঞ্চল থেকে এসে জমায়েত হন শতাধিক মানুষ। পরে তাঁরা একটি বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
প্রতিবাদকারীদের দাবি, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই আইন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক অধিকার হরণের একটি হাতিয়ার। আইনটি যেমন বৈষম্যমূলক, তেমনই সংবিধানবিরোধী বলেও অভিযোগ তাঁদের। তাঁরা জানান, এই আইনের মাধ্যমে মুসলিম সমাজের ধর্মীয় স্থাবর সম্পত্তির উপর রাষ্ট্রের হস্তক্ষেপের রাস্তা খুলে দেওয়া হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুনঃ উন্মত্ত ভিড় থামাতে চার রাউন্ড গুলি চালাতে বাধ্য হয়েছিল পুলিশ, জানালেন এডিজি
বিক্ষোভ শেষে প্রতিনিধিদল চোপড়া ব্লক প্রশাসনের দপ্তরে গিয়ে আইন বাতিলের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন। সেই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আর্জি জানানো হয় প্রশাসনের কাছে।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমানও। তিনি মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, “ওয়াকফ বিলের মাধ্যমে দেশে এক নতুন রকম অস্থিরতা তৈরি করতে চাইছে সরকার। দেশে যখন বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষক সংকটের মতো গুরুতর সমস্যা রয়েছে, তখন এসব থেকে নজর ঘোরাতে ধর্মীয় ইস্যুকে সামনে আনা হচ্ছে।”
প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে ওয়াকফ বিল বাতিলের দাবিতে ধারাবাহিক বিক্ষোভ চলছে। বিশেষজ্ঞদের মতে, এই ইস্যুটি আগামী দিনে রাজনৈতিক ভাবে আরও গুরুত্ব পাবে। আর চোপড়ার এই প্রতিবাদ কর্মসূচি তারই এক প্রতিচ্ছবি।
