দুর্ঘটনা
‘রাজ্যে লাগু হবে না’—আইন নিয়ে মুখ্যমন্ত্রীর নিজস্ব সংবিধান?
ডিজিটাল ডেস্কঃ নয়া ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল রাজ্যের একাধিক জেলা। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় বিক্ষোভে সামিল হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কোথাও পথ অবরোধ, কোথাও রেলপথে নেমে ট্রেন চলাচল বন্ধ — ক্রমেই অশান্ত হয়ে উঠছে পরিস্থিতি। পুলিশের হস্তক্ষেপ, কোথাও কোথাও গুলি চালানোর অভিযোগ — এসবের জেরে ব্যাপক ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
এই প্রেক্ষিতে রাজ্যবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। । শনিবার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি লেখেন, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না।”
আরও পড়ুনঃধর্মতলায় জেসিবি নিয়ে প্রতিবাদ! জোর করে খোলা হল গেরুয়া পতাকা
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, এই আইন রাজ্য সরকার প্রণয়ন করেনি, এটি কেন্দ্রীয় সরকারের তৈরি। তাঁর কথায়, “মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছেই চাইতে হবে।” তিনি আরও জানান, “আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি — আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কিসের?”
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।” সাম্প্রতিক সময়ের উত্তপ্ত পরিস্থিতিতে এই বার্তা রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।
