দুর্ঘটনা
জঙ্গলে ছুটে ধাক্কা, ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু
ডিজিটাল ডেস্কঃ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জাতীয় সড়কে মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল মর্মান্তিক ট্রাক দুর্ঘটনা। চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় খালাসিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২টো নাগাদ বাঁকুড়ার বিষ্ণুপুর দিক থেকে দ্রুত গতিতে একটি খালি ট্রাক আসছিল ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে। গড়বেতা এলাকায় ঢোকার আগে ভাটমারার জঙ্গলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। সজোরে ধাক্কা মারে সড়কের ধারে থাকা শাল গাছের সারিতে। ধাক্কার জেরে দুমড়ে মুচড়ে যায় ট্রাকের সামনের অংশ।
আরও পড়ুনঃ গোপন রেভ পার্টিতে পাক সেনা-রাজনীতিক পরিবারের ৫৫ সদস্য গ্রেফতার
দুর্ঘটনার খবর পেয়েই গড়বেতা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে। ট্রাকের সামনে দলা পাকিয়ে থাকা চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি, রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় খালাসিকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান, ট্রাকের অস্বাভাবিক গতি ছিল এবং চালক হয়তো ঘুমের ঘোরে ছিলেন অথবা মদ্যপ অবস্থায় ছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চালক ও খালাসির পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
পুলিশ জানিয়েছে, ট্রাকটি কোন সংস্থার বা কোথা থেকে কোথায় যাচ্ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
