বিশ্বের খবর
কনসার্ট চলাকালীন ছাদ ভেঙে পড়ল, ডোমিনিক রিপাবলিকে প্রাণ গেল ২৭ জনের
ডিজিটাল ডেস্কঃ ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্টো ডোমিঙ্গোতে এক জনপ্রিয় নাইটক্লাবে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ছাদ ধসে মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের, আহত হয়েছেন ১৫০-রও বেশি মানুষ। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে রয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে, যখন নাইটক্লাবটিতে চলছিল সাপ্তাহিক লাইভ মিউজিক পারফরম্যান্স। স্থানীয় জনপ্রিয় শিল্পী রুবি পেরেজ় সেই মুহূর্তে স্টেজে পারফর্ম করছিলেন বলে জানা গেছে। ‘জেট সেট’ নামের ওই ক্লাবটি শহরের সবচেয়ে চর্চিত বিনোদন কেন্দ্রগুলির একটি। প্রত্যেক সোমবার রাতে এখানে আয়োজিত হতো বিশেষ কনসার্ট।
আরও পড়ুনঃ ১৭ বছর পর রায়! জয়পুর বিস্ফোরণে দোষী চারজনের প্রত্যেকের যাবজ্জীবন
ঘটনার সময়ে রেকর্ড করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ছাদ থেকে ধীরে ধীরে কিছু খসে পড়ছে।
একজন দর্শক সেই দিক দেখিয়ে সতর্ক করার চেষ্টা করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ছাদ সম্পূর্ণ ধসে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, ভূমিকম্প ঘটেছে। কিন্তু পরে জানা যায়, শুধুই ক্লাবের কাঠামো ভেঙে পড়েছে। ক্লাবের ভিতরে সেই সময় বহু মানুষ উপস্থিত ছিলেন।
দেশের প্রেসিডেন্ট লুই অবিনদার ঘটনার পর উদ্ধারকার্যে তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। উদ্ধারকারী দলের প্রধান, জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ় জানিয়েছেন, ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের বের করে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রুবি পেরেজ়ের দলের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরাও আটকে পড়েছেন ভেঙে পড়া অংশে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় প্রশাসন। এখনও পর্যন্ত ছাদ ধসের প্রকৃত কারণ জানা যায়নি। তবে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সিভিল প্রোটেকশন সংস্থা ক্লাবের নির্মাণ কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
