ভাইরাল খবর
ভারতীয় দলের জন্য বিসিসিআইয়ের কোটি টাকার পুরস্কার
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। টানা দুটি আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি হিসেবে ভারতীয় দল পেল বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার। বিসিসিআই ঘোষণা করেছে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলকে মোট ৫৮ কোটি টাকা দেওয়া হবে, উপহার স্বরূপ।
বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দলের মূল স্কোয়াডের ১৫ জন খেলোয়াড় ছাড়াও, প্রধান কোচ গৌতম গম্ভীর, কোচিং স্টাফ ও অন্যান্য সাপোর্ট স্টাফরাও এই পুরস্কারের অংশীদার হবেন। জাতীয় দলের নির্বাচকদের জন্যও নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়েছে, যদিও নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।
আরও পড়ুনঃ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ফের উদ্বেগ প্রকাশ আমেরিকার, নজর ওয়াশিংটনের
এর আগে, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই খেলোয়াড় ও স্টাফদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল। সেবার মূল স্কোয়াডের প্রতিটি সদস্যকে ৫ কোটি টাকা, প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে একই অঙ্ক, এবং কোচিং স্টাফের অন্যান্য সদস্যদের আড়াই কোটি টাকা করে দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচকরা পেয়েছিলেন ১ কোটি টাকা করে।
বিশ্লেষকদের মতে, এবারও বিশ্বকাপের মতোই পুরস্কারের অর্থ বণ্টন করা হবে, তবে অঙ্ক কিছুটা কম হতে পারে। বিসিসিআই সভাপতি রজার বিনি এই জয়ের প্রশংসা করে বলেছেন, “টানা দুটি আইসিসি শিরোপা জেতা ভারতীয় ক্রিকেটের জন্য এক বিশেষ মুহূর্ত। এই পুরস্কার দলীয় প্রচেষ্টার স্বীকৃতি।” বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “ভারতীয় ক্রিকেটারদের কঠোর পরিশ্রম এবং নিরবচ্ছিন্ন পরিকল্পনার ফসল এই সাফল্য, যা উদযাপন করতে পেরে আমরা গর্বিত।”
