বিনোদন
৬০-এর আগেই নতুন প্রেমে আমির, গৌরীর সঙ্গে একত্রবাসের স্বীকারোক্তি
ডিজিটাল ডেস্কঃ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও প্রেমে পড়েছেন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অবশেষে নিজের ৬০তম জন্মদিনের প্রাক্কালে সেই জল্পনায় স্বয়ং সিলমোহর দিলেন আমির।
মুম্বইতে সংবাদমাধ্যমের সঙ্গে জন্মদিন উদযাপনকালে আমির জানান, গত এক বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে তাঁদের পরিচয় নতুন নয়—প্রায় ২৫ বছরের দীর্ঘ পরিচয় রয়েছে তাঁদের। বর্তমানে গৌরী আমিরের সংস্থাতেই কর্মরত। অভিনেতা অকপটেই জানিয়েছেন, দু’জনে এখন একত্রে বসবাস করছেন।
আরও পড়ুনঃ বেফাঁস মন্তব্যের জের! ফের শোকজ করা হল হুমায়ুন কবিরকে
গৌরী ইতিমধ্যেই আমিরের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্ক নিয়ে বেশ খুশি। আমির নিজেও এই সম্পর্ক নিয়ে অত্যন্ত আনন্দিত। অভিনেতা মজা করেই জানান, গৌরী তাঁর খুব কম ছবিই দেখেছেন। যে ক’টি দেখেছেন, তার মধ্যে রয়েছে ‘দঙ্গল’ ও ‘লগান’। বলিউডের প্রতি খুব বেশি আগ্রহ না থাকলেও, ধীরে ধীরে আমিরের সঙ্গে মিশতে মিশতে ইন্ডাস্ট্রির সঙ্গে অভ্যস্ত হচ্ছেন তিনি। গৌরীর পারিবারিক ইতিহাসও কম চমকপ্রদ নয়। আমির জানান, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল ও অর্ধেক আইরিশ। তাঁর দাদু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আমিরের জন্মদিন উদযাপনের ছবি। তবে অনুরাগীদের চোখে পড়েছে একটি বিশেষ বিষয়—গত বছর জন্মদিনে কেক কাটার সময় পাশে ছিলেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও, কিন্তু এ বছর তিনি অনুপস্থিত। অনেকেই মনে করছেন, গৌরীর আগমনের কারণেই হয়তো কিরণের অনুপস্থিতি। প্রসঙ্গত, ২০২১ সালে কিরণের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন আমির। তবে বিচ্ছেদের পরও তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে। একইভাবে, তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। আমিরের নতুন প্রেমের খবরে অনুরাগীদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার, এই সম্পর্ক ভবিষ্যতে কী মোড় নেয়!
