বিশ্বের খবর
আইফেল টাওয়ারকে হিজাবে ঢাকার বিজ্ঞাপন ঘিরে তোলপাড় প্যারিস
ডিজিটাল ডেস্কঃ প্যারিসে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আইফেল টাওয়ার। ডাচ ফ্যাশন ব্র্যান্ড Merrachi সম্প্রতি একটি অ্যানিমেটেড বিজ্ঞাপন প্রকাশ করেছে, যেখানে ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারকে হিজাব ও আবায়ায় ঢাকা অবস্থায় দেখা যায়। সংস্থাটির দাবি, এটি পোশাকের স্বাধীনতাকে সমর্থন করার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এই বিজ্ঞাপনকে ঘিরে ফ্রান্সজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই দেশটির অনেক রাজনীতিক একে “ফরাসি সংস্কৃতির ওপর আঘাত” বলে সমালোচনা করেছেন। অনেকে এটিকে ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা এবং ইসলামি রক্ষণশীলতা চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। অন্যদিকে, অনেকেই এটিকে মুসলিম নারীদের পোশাকের স্বাধীনতার পক্ষে একটি সাহসী পদক্ষেপ বলে মনে করছেন।
আরও পড়ুনঃ পরীক্ষায় টোকাটুকিতে বাঁধা! যার জেরে পরীক্ষাকেন্দ্রে ব্যাপক ভাঙচুর
ফ্রান্সে ইসলাম ধর্মাবলম্বীদের পোশাক নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। ২০০৪ সালে স্কুলে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, এরপর ২০১০ সালে বোরখা ও নিকাব পরার ওপরও নিষেধাজ্ঞা আসে। সাম্প্রতিক সময়ে সরকার স্কুলে আবায়া নিষিদ্ধ করায় এই বিতর্ক আরও বেড়েছে। এখন, আইফেল টাওয়ারকে হিজাব পরানোর এই বিজ্ঞাপন নতুন করে সেই বিতর্ককে উস্কে দিল।
বিরোধীদের দাবি, এই বিজ্ঞাপন “উস্কানিমূলক” এবং ফরাসি সংস্কৃতির ওপর “হস্তক্ষেপ”। কেউ কেউ ফ্রান্সে Merrachi-র কার্যক্রম বন্ধের দাবি তুলেছেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এটি মুসলিম নারীদের অধিকার ও স্বাধীনতাকে তুলে ধরেছে। এই বিতর্কের মধ্যেই প্রশ্ন উঠছে—ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতি কি সত্যিই সবার জন্য সমান, নাকি কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের উপর কড়াকড়ি বেশি?
