Uncategorized
মাদক মামলায় ফাঁসানোর ভয়! তিন দিন ঘরবন্দি থেকে ৭০ লাখ টাকা দিলেন ব্যবসায়ী
ডিজিটাল ডেস্কঃ সিবিআই ও মুম্বই পুলিশের নাম ভাঙিয়ে অভিনব প্রতারণার ফাঁদ! সরশুনার এক ব্যবসায়ী প্রতারণার শিকার হয়ে খোয়ালেন ৭০ লাখ টাকা। প্রতারকদের কথায় বিশ্বাস করে ‘ডিজিটাল গ্রেপ্তার’-এর আতঙ্কে তিন দিন ঘরে বন্ধ থেকেছেন তিনি। শেষমেশ বন্ধুদের পরামর্শে ভুল ভাঙে এবং থানায় অভিযোগ দায়ের করেন। এখন ওই অর্থ উদ্ধারে তৎপর পুলিশ।
আরও পড়ুনঃগুলমার্গে ফ্যাশন শো ঘিরে বিতর্ক, রমজান মাসে আয়োজন নিয়ে উত্তাল কাশ্মীর
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ওই ব্যবসায়ীর কাছে একটি ফোন আসে। এক ব্যক্তি নিজেকে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে জানান, দিল্লি ও মুম্বইয়ের কিছু ব্যাংকে তাঁর নামে সন্দেহজনক লেনদেন হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাঁকে ডিজিটাল পদ্ধতিতে গ্রেপ্তার করা হচ্ছে।এরপর আরও একটি ফোন আসে, যেখানে মুম্বই পুলিশের লোগো দেখা যায়। অপরপ্রান্তের ব্যক্তি জানান, বিদেশ থেকে আসা একটি পার্সেল থেকে মাদক উদ্ধার হয়েছে, যা ওই ব্যবসায়ীর নামে এসেছে। অভিযোগ, তিনি মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত এবং তাঁকে গ্রেপ্তার করা হবে। ব্যবসায়ী প্রথমে সন্দেহ করলেও, হোয়াটসঅ্যাপে ‘পার্সেল ও মাদকের ছবি’ পাঠিয়ে প্রতারকরা তাঁকে বিভ্রান্ত করে।
তাঁকে বলা হয়, মুম্বই যেতে হবে অথবা তিনদিন বাড়ির মধ্যে নিজেকে বন্দি রাখতে হবে। তাঁর অবস্থান নজরদারিতে রয়েছে, এমনটাই জানানো হয়। ভয় পেয়ে তিনি জরিমানা বাবদ ৭০ লাখ টাকা দিতে রাজি হন। প্রথমে এক কোটি টাকা চাওয়া হলেও দরাদরি করে সেই অঙ্ক কমানো হয়। নিজের সঞ্চিত ২০ লাখ টাকার সঙ্গে আরও ৫০ লাখ টাকা ঋণ নিয়ে এক ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তিনি। পরবর্তীতে বন্ধুদের সঙ্গে আলোচনা করে সন্দেহ হয়, এবং তিনি সরশুনা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রতারকদের সন্ধানে তৎপর হয়েছে।
