ডিজিটাল ডেস্কঃ ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী কুণাল কামরাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করায় একের পর এক হুমকি পাচ্ছেন তিনি। তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইতিমধ্যেই প্রায় ৫০০টিরও বেশি হুমকি ফোন পেয়েছেন কুণাল। তাঁকে ‘টুকরো টুকরো’ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
সম্প্রতি ‘নয়া ভারত’ নামের এক অনুষ্ঠানে কুণাল দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। শিন্দের অবস্থান বদল নিয়ে কটাক্ষ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কুণালের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, তিনি জনপ্রিয় একটি হিন্দি গানের নকল করে শিন্দের অঙ্গভঙ্গি ও শারীরিক গঠন নিয়ে হাস্যরস তৈরি করেছেন। যদিও তিনি সরাসরি শিন্দের নাম উল্লেখ করেননি, তবুও এই ভিডিও প্রকাশ্যে আসতেই শিবসেনার (শিন্দে গোষ্ঠী) সমর্থকদের রোষানলে পড়েছেন তিনি। অভিযোগ, ওই শো-এর স্টুডিওতে ভাঙচুর চালিয়েছেন শিবসেনার কিছু কর্মী।
আরও পড়ুনঃওয়াশিং মেশিনের কাচে প্রতিচ্ছবি, ধর্ষণের প্রমাণ মিলতেই অভিযুক্তের ৭ বছরের জেল
এরই মধ্যে কুণালের বিরুদ্ধে মানহানির মামলা করেছে মুম্বই পুলিশ। তাঁকে থানায় হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে। তবে কুণালের আইনজীবী জানিয়েছেন, তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং হাজিরার জন্য এক সপ্তাহ সময় চেয়েছেন। মুম্বই পুলিশ পাল্টা দাবি করেছে, কুণালকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। আইনি পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও কুণালের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর মতে, নেতাদের অপমান করা বরদাস্ত করা হবে না এবং কুণালকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তবে কৌতুকশিল্পী জানিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না। আইনি লড়াই চালিয়ে যাবেন এবং আদালতের নির্দেশই মেনে চলবেন।