ভাইরাল খবর
পুরীর খ্যাতনামা রেস্তোরাঁয় খাসির মাংসের আড়ালে গোমাংস! নিন্দার ঝড় নেটিজেনদের
ডিজিটাল ডেস্কঃ ওড়িশার পুরীতে একটি জনপ্রিয় রেস্তোরাঁয় খাসির মাংসের নামে গোমাংস পরিবেশনের অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সামাজিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় ব্যাপক প্রতিবাদ দেখা যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একজন ব্যক্তি দাবি করেন, পুরীর সত্যবাদী এলাকায় একটি জনপ্রিয় রেস্তোরাঁ খাসির মাংসের সঙ্গে গোপনে গোমাংস মিশিয়ে দেওয়া হচ্ছে। শুধু এই রেস্তোরাঁ নয়, পুরী থেকে ভুবনেশ্বর সংযোগকারী জাতীয় সড়কের ধারে অবস্থিত আরও কিছু রেস্তোরাঁতেও এমন কাজ চলছে বলে অভিযোগ করেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নজরে আসে প্রশাসনের। স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়। দীর্ঘদিন ধরে পথচারী এবং স্থানীয় বাসিন্দারা এই রেস্তোরাঁয় খাসির মাংসের সুস্বাদু পদ খেতে আসতেন, কিন্তু কেউ জানতেন না যে তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃদিল্লিতেও লক্ষীর ভান্ডার ! নারী দিবসে মহিলাদের ছাড়পত্র দিল বিজেপি সরকার
পুলিশ প্রথমে ভিডিওতে অভিযোগ তোলা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জেরার পর তিনি পুলিশদের জানান, সত্যবাদী থানার অধীনে থাকা এক জনপ্রিয় রেস্তোরাঁয় এই ধরনের কাজ চলছিল। তারপর অভিযুক্ত রেস্তোরাঁতে অভিযান চালান পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। সেই রেস্তোরাঁ থেকে মাংসর স্যাম্পল নিয়ে পরীক্ষার জন্য ভুবনেশ্বরের ওড়িশা ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (OUAT)-এর ল্যাবরেটরিতে পাঠানো হয়।
জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত হওয়ায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। রেস্তোরাঁটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্তের কাজ চলছে। এই ঘটনার সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন এলাকায় নজরদারি আরও কড়া করেছে। সমস্ত রেস্তোরাঁ ও হোটেলের মালিক এবং কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের প্রতারণার ঘটনা আর না ঘটে।
আরও পড়ুনঃচ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ধাক্কা টিম ইন্ডিয়ার! প্র্যাক্টিসে চোট পেলেন কোহলি
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, শুধুমাত্র পুরী নয়, আশপাশের অন্যান্য জায়গায়ও নজরদারি চালানো হবে এবং খাবারের গুণগত মান পরীক্ষা করা হবে। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে তারা ওই রেস্তোরাঁয় খেয়ে এসেছেন এবং বিশ্বাস করে এসেছেন যে তারা খাসির মাংস খাচ্ছেন। কিন্তু এতদিন ধরে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও অনেকে প্রশ্ন তুলেছেন, এতদিন ধরে এই প্রতারণা চললেও কেন আগে ধরা পড়েনি? কেউ কি ইচ্ছাকৃতভাবে বিষয়টি গোপন করেছিল?
এই ঘটনার জেরে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন। এই ঘটনায় ওড়িশা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় ব্যাপারটি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। তদন্ত শেষ হলে অভিযুক্তদের কী শাস্তি দেওয়া হবে, তা দেখার বিষয়। তবে আপাতত, সংশ্লিষ্ট রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
