ভাইরাল খবর
শেয়ার বাজারে ধস, আম্বানি-আদানিসহ শীর্ষ ধনীদের বিশাল লোকসান
ডিজিটাল ডেস্কঃ গত কয়েক মাস ধরে ভারতীয় শেয়ার বাজারে টানা মন্দা চলছে, যার ফলে বিনিয়োগকারীদের পাশাপাশি দেশের শীর্ষ ধনীদের সম্পদেও বড় ধাক্কা লেগেছে। মুকেশ আম্বানি ও গৌতম আদানির সম্পদ উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে বৃহস্পতিবার আদানি গ্রুপের শেয়ারের দাম কিছুটা বাড়ায় গৌতম আদানির সম্পদ ৪৫৫ মিলিয়ন ডলার বেড়েছে। এর ফলে তিনি ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে এক ধাপ ওপরে উঠে এসে বর্তমানে ২১তম স্থানে রয়েছেন। চলতি বছরে তিনি এখন পর্যন্ত ১০.২ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন, যা ভারতীয় ধনীদের মধ্যে সর্বাধিক।
অন্যদিকে, রিলায়েন্স এর মালিক মুকেশ আম্বানির সম্পদও এই বছরে ৫.৪ বিলিয়ন ডলার কমেছে। বর্তমানে তিনি ৮৫.২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে ১৭তম স্থানে রয়েছেন।
আরও পড়ুনঃ চিন্তার বিষয়! আইপিএলে প্রথম দুসপ্তাহ বুমরাহকে পাবেন না মুম্বই ইন্ডিয়ান্স দল
বিশ্বের অন্যান্য ধনীদের অবস্থাও তেমন ভালো নয়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। চলতি বছরে তার মোট সম্পদ ১০২ বিলিয়ন ডলার কমেছে, যার মধ্যে বৃহস্পতিবার একদিনেই তিনি ১০.৯ বিলিয়ন ডলার হারিয়েছেন। তবে ৩৩০ বিলিয়ন ডলারের বিশাল সম্পদ নিয়ে তিনি এখনো বিশ্বের শীর্ষ ধনী হিসেবে অবস্থান করছেন।
এ বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ধনীদের তালিকায় আরও রয়েছেন মাইকেল ডেল (২০ বিলিয়ন ডলার ক্ষতি), ল্যারি এলিসন (১৯.৩ বিলিয়ন ডলার), জেনসেন হুয়াং (১৭.২ বিলিয়ন ডলার) ও জেফ বেজোস (১৬.৭ বিলিয়ন ডলার)। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে শেয়ার বাজারের এই মন্দা কবে কাটবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।
