দেশ
কাজ না পেয়ে বিক্ষোভ ফ্যাক্টরি শ্রমিকদের
হরিশ্চন্দ্রপুর, ২৬ জুন : লকডাউনে দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করলো আলমারি ফ্যাক্টরির শ্রমিকেরা। শনিবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন সংলগ্ন তেতুলবাড়িতে। জানা গিয়েছে হরিশচন্দ্রপুরে থাকা আলমারী ফ্যাক্টরিগুলিতে কাজ করেসংসার চলে শতাধিক শ্রমিকের। কিন্তু লকডাঊনের পর থেকেই ফ্যাক্টরিতে বাইরে থেকে অর্ডার দিয়ে আলমারি আনা হচ্ছে।
ফলে কাজ না পেয়ে বিপাকে পড়ছেন এই শ্রমিকেরা। এই ঘটনায় ব্যবসায়ী সমিতির পাশাপাশি প্রশাসনিক দপ্তরেও অভিযোগ জানানো হলেও কোন সুরাহা হয়নি। এই কারণে শনিবার কাজ প্রদানের দাবীতে বাইরে থাকা আলমারির গাড়িগুলিকে আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকেরা। আলমারি ফ্যাক্টরির শ্রমিক শিবা ঘোষ বলেন, হরিশ্চন্দ্রপুরের সমস্ত আলমারি ফ্যাক্টরি শ্রমিকরা কর্মহীন হয়ে গেছে। মালিকরা বাইরে থেকে আলমারি নিয়ে আসছে। এদিকে তাদের অন্য কোথাও কাজ করতে দিচ্ছে না। ব্যবসায়ী এবং প্রশাসনিক মহলে জানিয়েও সুরাহা হয়নি। তাই কাজ প্রদানের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বাইরের কোন গাড়ি ঢুকতে দেওয়া হবে না এখানে।খবর পেয়ে হরিশচন্দ্রপুর থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও মুজিবুর রহমান নামে এক আলমারির ফ্যাক্টরির মালিক বলেন, লকডাউনে এমনিতেই কাজ কম হচ্ছে। শ্রমিকরা অর্ডারের চাহিদামত জিনিস তৈরি করতে পারে না। তাই বাইরে থেকে আনতে হচ্ছে। এখন আলমারি তৈরির সিট পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। যদিও ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া জানান, শ্রমিকদের দাবীগুলি খতিয়ে দেখে আলমারী ফ্যাক্টরির মালিকদের সঙ্গে বৈঠক করা হবে।
আরও খবর পড়ুন : অপহৃতা নাবালিকার সন্ধানে পুলিশের দ্বারস্থ পরিবার
