দুর্ঘটনা
রোপওয়ে দুর্ঘটনা, কালীমন্দির যাওয়ার পথে প্রাণ হারালেন ৬ জন, তদন্তে প্রশাসন
ডিজিটাল ডেস্কঃ গুজরাটের (Gujarat) পাভাগড় (Pavagadh)-এ ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৬ জনের। শক্তিপীঠ কালীমন্দিরে দর্শনের উদ্দেশ্যে শনিবার বিকেলে বহু পুণ্যার্থী ভিড় করেছিলেন পাভাগড় পাহাড়ে। সেই সময়েই ঘটে বিপত্তি। বিকেল সাড়ে তিনটে নাগাদ আচমকাই ছিঁড়ে যায় রোপওয়ের (Ropeway) দড়ি, ফলে রোপওয়ের কেবিন নিচে পড়ে যায়।
জেলাশাসকের দফতর থেকে জানানো হয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন দুইজন লিফ্ট অপারেটর ও দুই কর্মী। বাকি দু’জন পুণ্যার্থী ছিলেন বলেই প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও দমকল কর্মীরা (Fire Brigade) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং শুরু হয় উদ্ধার কাজ।
পাভাগড় পাহাড়ে অবস্থিত কালীমন্দির (Kali Temple) গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। সারা বছর ধরেই এখানে পুণ্যার্থীদের ভিড় থাকে, তবে বিশেষ করে ছুটির দিন বা পূজার সময় ভিড় অনেকটাই বেড়ে যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে রোপওয়ের দড়ি (rope cable) ছিঁড়ে যাওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। কীভাবে এই বিপর্যয় ঘটল, কার গাফিলতির জন্য এমন ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি প্রশ্ন উঠছে—এতো গুরুত্বপূর্ণ এক তীর্থস্থানে কীভাবে এমন নিরাপত্তা ত্রুটি রয়ে গেল?


