প্রতারণা
কলকাতার বন্দর এলাকা থেকে ধৃত ৪ প্রতারক, জড়িত জামতাড়া গ্যাং? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
ডিজিটাল ডেস্কঃ কলকাতার বন্দর এলাকা থেকে এক ভয়াবহ সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এক বেসরকারি ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা চালানো হচ্ছিল—আর তার সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে চার জনকে। ধৃতদের মধ্যে একজন বিহারের (Dumka) বাসিন্দা বিকাশ কুমার, বাকি তিনজন কলকাতার লেকটাউন ও এন্টালির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, ধৃতেরা একটি ভুয়ো Customer Care টোল-ফ্রি নম্বর চালু করেছিল, যেখানে ফোন করলেই গ্রাহকদের মোবাইলে পাঠানো হত একটি ফিশিং লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই ক্ষণিকের মধ্যে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেত টাকা। বন্দর এলাকার গার্ডেনরিচ থানার পুলিশ এবং সাইবার ক্রাইম শাখার যৌথ অভিযানে এই চক্রের বিরুদ্ধে গঠিত হয় একটি Special Investigation Team (SIT)।
আরও পড়ুনঃ সৌরজগতের পথে ছুটছে রহস্যময় বস্তু, আক্রমণের বার্তা কি বহন করছে 3I/ATLAS?
তদন্তে উঠে এসেছে, প্রতারিত টাকার একাংশ দিয়ে অনলাইনে ইলেকট্রনিক গ্যাজেট, বিশেষ করে মোবাইল ফোন কেনা হচ্ছিল, যাতে আর্থিক লেনদেনের সূত্র ধরা না পড়ে। পুলিশ মনে করছে, এইভাবে কালো টাকা সাদা করার চেষ্টা চালানো হচ্ছিল।
এই ঘটনার সঙ্গে জামতাড়ার যোগসূত্র রয়েছে বলেই ধারণা তদন্তকারীদের। অতীতে একাধিক সাইবার ক্রাইমের মামলায় জামতাড়া গ্যাংয়ের নাম উঠে এসেছে। এবারও তারাই কলকাতায় বসে প্রতারণা চালাচ্ছে কিনা, সেই দিকেই নজর দিচ্ছে পুলিশ। ইতিমধ্যেই আরও কিছু সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্ত চলছে।