ভাইরাল খবর
‘আপনার জমি, আপনার অধিকার’! নাগরিকদের জন্য নয়া পরিষেবা নিয়ে এলেন শুভেন্দু
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের সাধারণ মানুষ এবং কৃষকদের বড়সড় আর্থিক স্বস্তি দিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন রাজ্য সরকার। এখন থেকে জমির খতিয়ান (Record-of-Rights) এবং দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য নাগরিকদের আর কোনো টাকা খরচ করতে হবে না। পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জমানায় এই ডিজিটাল নথিগুলি ডাউনলোডের জন্য যে আবেদন ফি বা অনুসন্ধান ফি (enquiry charges) নেওয়া হতো, তা আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ মকুব করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
নবান্নের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৫৫ সালের ‘পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন’-এর ৫৭ নম্বর ধারা অনুযায়ী ‘বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল, ১৯৪৩’-এর বিধি সংশোধন করে অর্থ দফতরের সম্মতিক্রমে এই নয়া নিয়ম অবিলম্বে রাজ্যজুড়ে কার্যকর করা হয়েছে। এর ফলে যে কেউ অনলাইনে জমির রেকর্ডের ডিজিটালি স্বাক্ষরিত সফট কপি (Digitally Signed Soft Copy) সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। এর জন্য কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি (authentication fees) দিতে হবে না। তবে জমি রেজিস্ট্রি বা অন্য কাজের জন্য সার্টিফাইড হার্ড কপি (Certified Hard Copies) নিতে গেলে পূর্বনির্ধারিত সরকারি ফি বহাল থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, “আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়।”
এদিকে, এই দিনই নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) আয়োজিত বিধায়কদের এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে তিনি অতীতে বামফ্রন্ট ও তৃণমূল জমানার শাসনব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেন। এই অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যপাল আর এন রবি এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু উপস্থিত ছিলেন। তবে এই কর্মসূচির মাঝেই লোকসভার স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়ে সভাস্থল থেকে বেরিয়ে যান বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর এই আকস্মিক দলত্যাগ ও বয়কটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে।
